বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সংলগ্ন মেহেরচণ্ডী এলাকার তুহিন ছাত্রাবাস থেকে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
মৃত শিক্ষার্থীর নাম মো. সিফাত সিফাতুল্লাহ। তিনি ফিশারিজ বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন। তার বাড়ি বরগুনার বামনা থানার ছনবুনিয়া গ্রামে। সহপাঠীদের দাবি, সিফাত বেশ কিছুদিন ধরে বিষণ্নতায় ভুগছিলেন, তবে কারও সঙ্গে ব্যক্তিগত সমস্যাগুলো শেয়ার করতেন না। নিয়মিত ধর্মচর্চা করা এ শিক্ষার্থীর হঠাৎ এমন মৃত্যুর খবরে হতবাক তার বন্ধুরা।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, “আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখেছি, সিফাত ঝুলন্ত অবস্থায় ছিল। এখনো মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি।”
এদিকে, চন্দ্রিমা থানার ওসি মতিয়ার রহমান জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। প্রাথমিকভাবে আত্মহত্যার ইঙ্গিত মিললেও, অন্য কোনো কারণ আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। সিফাতের এই অপ্রত্যাশিত মৃত্যু নিয়ে এখনো রহস্য রয়ে গেছে।