বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
আজাদের দিনে ঢাবি শিক্ষার্থীদের সাইকেল র্যালিতে প্রতিবাদের ঢেউ
অনলাইন ডেস্ক
গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস স্মরণে আজ ‘৩৬ জুলাই’ (৫ আগস্ট) ভোর ৫টায় গণভবন অভিমুখে সাইকেল র্যালি করেছে ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা। এই র্যালিতে শত শত শিক্ষার্থী সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
ঢাবি শিবির জানায়, জাতীয় রাজনীতিতে ৫ আগস্টের তাৎপর্য স্মরণ ও জনগণের হারানো অধিকার ফিরে পেতে র্যালিটি আয়োজন করা হয়। র্যালিটি শুরু হয় টিএসসি চত্বর থেকে, ঘুরে আসে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক ও গণভবন পর্যন্ত, এবং শেষ হয় ঢাকা বিশ্ববিদ্যালয়েই।
শিক্ষার্থীরা বাংলাদেশ ও ফিলিস্তিনের পতাকা বহন করে, হাতে প্ল্যাকার্ড ও মুখে স্লোগান তুলে শহর প্রদক্ষিণ করেন। এই কর্মসূচির মধ্য দিয়ে ঢাবি শিবিরের তিন দিনব্যাপী আন্দোলন শুরু হয়েছে।
সংগঠনের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক আবু সাদিক কায়েম বলেন, আজকের দিনটি আজাদের, মুক্তির দিন। তাই সাইকেল র্যালির মাধ্যমে আমরা নতুন চেতনার সূচনা করেছি। এতে বিশ্ববিদ্যালয়ের বিপুলসংখ্যক শিক্ষার্থী যুক্ত হয়েছে।
তিনি আরও বলেন, গত বছরের ঐক্যবদ্ধ আন্দোলনে যেমন বাংলাদেশের পতাকার পাশে ফিলিস্তিনের পতাকা উড়েছিল, এবারও সেই আবেগ ও চেতনা ফিরিয়ে আনার চেষ্টা চলছে। বাংলাদেশের স্বাধীনতা যেমন শহীদের রক্তে অর্জিত, তেমনই ফিলিস্তিনের মুক্তিও আসবে ইনশাআল্লাহ।
র্যালিতে উপস্থিত ছিলেন ঢাবি শিবিরের সাবেক প্রচার সম্পাদক আসিফ আব্দুল্লাহ, হোসাইন আহমাদ জোবায়ের, বর্তমান সভাপতি এস এম ফরহাদ, সাধারণ সম্পাদক মহিউদ্দিন খান, সাংগঠনিক সম্পাদক কাজী আশিকুর রহমান ও প্রচার সম্পাদক মেফতাহুল মারুফসহ অন্যান্য নেতৃবৃন্দ।