বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
উমামার স্বতন্ত্র প্যানেল কি বদলে দেবে ডাকসুর গতিপথ?
অনলাইন ডেস্ক
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন-২০২৫-এর তফসিল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে এই বহুল প্রতীক্ষিত নির্বাচন। ভোটগ্রহণ চলবে সেদিন সকাল ৮টা থেকে দুপুর ৩টা পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে।
মঙ্গলবার (২৯ জুলাই) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের কনফারেন্স রুমে প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন এই তফসিল গণমাধ্যমের সামনে উপস্থাপন করেন।
এদিকে নির্বাচনী উত্তেজনার মধ্যেই প্রথম প্রার্থিতা ঘোষণা করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা। তিনি প্রাণরসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ সেশনের ছাত্রী এবং কবি সুফিয়া কামাল হলের আবাসিক শিক্ষার্থী।
বুধবার (৩০ জুলাই) রাত ৯টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে উমামা লেখেন, ‘বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষ থেকেই ছাত্র রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলাম এবং ভেতরে-বাইরে শিক্ষার্থীদের পক্ষে কাজ করে এসেছি। ১ম বর্ষে বৈধ সিটের দাবিতে “বৈধ সিট আমার অধিকার” নামের প্ল্যাটফর্ম গড়ে তুলি। আমার অভিজ্ঞতা বলে, এই বিশ্ববিদ্যালয়ের সংকট সমাধানে প্রয়োজন এক মৌলিক বিপ্লব, আর তা আনতে পারে কেবল শিক্ষার্থীরাই।’
তিনি আরও বলেন, ‘একটি সংগঠিত, বৈধ ও দায়িত্বশীল ছাত্র সংসদই শিক্ষার্থীদের স্বপ্ন বাস্তবায়নের মাধ্যম হতে পারে। এমন নেতৃত্ব চাই যারা নিরপেক্ষ থাকবে, শিক্ষার্থীদের অধিকারে দৃঢ় থাকবে এবং বিশ্ববিদ্যালয়কে কেবল নেতা তৈরির কারখানা বানাবে না।’
এই উদ্দেশ্যে তিনি ঘোষণা দেন, একটি স্বতন্ত্র প্যানেল গঠনের, যেখানে থাকবেন এমন শিক্ষার্থীরা যারা সত্যিকার অর্থে বিশ্ববিদ্যালয়ের কল্যাণে কাজ করতে চান। তিনি বলেন, ‘গবেষণাভিত্তিক ও দূরদর্শী কাজ করতে আমরা নির্বাচনে অংশ নিচ্ছি। আমরা আহ্বান জানাই সেইসব শিক্ষার্থীদের, যারা বিশ্ববিদ্যালয়ের হারানো গৌরব ফিরিয়ে আনতে চান এবং রাজনৈতিক আধিপত্যবাদের শিকল ভেঙে এক মুক্ত শিক্ষাঙ্গন চান।’
উমামা ফাতেমা সব শিক্ষার্থীকে তাদের প্যানেলে যুক্ত হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘যারা প্রতিদ্বন্দ্বিতা করতে বা শিক্ষার্থীদের জন্য কাজ করতে আগ্রহী, অনুগ্রহ করে আমাদের পক্ষ থেকে শেয়ার করা ফরমটি পূরণ করুন।’