শুক্রবার, ০১ মে ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
গবেষণায় ১৫ কোটি টাকার বরাদ্দ, বাকৃবি কতদূর যাবে?
অনলাইন ডেস্ক
২০২৫-২৬ অর্থবছরের জন্য বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ৩৮৮ কোটি ২৯ লাখ টাকার বাজেট অনুমোদন পেয়েছে। এতে গবেষণা খাতে বরাদ্দ রাখা হয়েছে ১৫ কোটি ৩৩ লাখ টাকা, যা মোট বাজেটের ৩ দশমিক ৯৫ শতাংশ।
বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ তৌফিকুল ইসলাম।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, চলতি অর্থবছরের জন্য ৪৫৮ কোটি ২৬ লাখ ৬৯ হাজার টাকার একটি প্রস্তাবিত বাজেট তৈরি করা হয়েছিল। তবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নির্ধারিত ৩৮৮ কোটি ২৯ লাখ টাকার সিলিং অনুযায়ী বাজেট পুনর্গঠন করে তা সিন্ডিকেট সভায় অনুমোদিত হয়।
মোহাম্মদ তৌফিকুল ইসলাম বলেন, গত ৩০ জুন উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হুমায়ুন কবির ২০২৪-২৫ অর্থবছরের সংশোধিত বাজেট ও ২০২৫-২৬ সালের মূল বাজেট সভায় উপস্থাপন করেন। এবারের বাজেটে বিমকের তহবিল থেকে আয় ধরা হয়েছে ৩৭৪ কোটি ৯৯ লাখ টাকা ও বাকৃবির নিজস্ব আয় ১৩ কোটি ৩০ লাখ টাকা।
এ বাজেটে বেতন-ভাতা ও বিশেষ সুবিধা খাতে বরাদ্দ রাখা হয়েছে ১৮৩ কোটি ৬৬ লাখ টাকা, সাধারণ পণ্য ও সেবায় ৫৩ কোটি ৫৮ লাখ, মেরামত ও সংরক্ষণ বাবদ ৯ কোটি ১৯ লাখ, পেনশন ও অবসর ভাতা ১১৭ কোটি ৫০ লাখ, গবেষণায় ১৫ কোটি ৩৩ লাখ, প্রাথমিক স্বাস্থ্যসেবায় ৭৫ লাখ টাকা এবং অন্যান্য ও মূলধনী অনুদানসহ বিভিন্ন খাতে ব্যয় ধরা হয়েছে মোট ৩৮৮ কোটি ২৯ লাখ টাকা।
এছাড়াও, ২০২৪-২৫ অর্থবছরের সংশোধিত বাজেটে ৩৭৯ কোটি ১৮ লাখ ৫০ হাজার টাকার ব্যয় অনুমোদন পেয়েছে।
উল্লেখ্য, আগের বছরের তুলনায় এ বাজেটে বরাদ্দ বেড়েছে ৭.৭১ শতাংশ। বাজেট আলোচনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের বাস্তব চাহিদা তুলে ধরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের কাছে বরাদ্দ পুনর্বিন্যাসের দাবি জানান।