শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
রাজধানীর মহাখালী টিভি গেট এলাকায় ছুরিকাঘাতে বাংলাদেশ রেলওয়ের উপ-সহকারী প্রকৌশলী মামুন মিয়া (৩০) নিহত হয়েছেন। এ ঘটনায় বিউটি আক্তার (৩০) নামে এক নারীকে আটক করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের দাবি, মামুন ও ওই নারীর মধ্যে ব্যক্তিগত সম্পর্ক ছিল এবং তারা উভয়েই বিবাহিত ছিলেন।
শনিবার (১১ জুলাই) দুপুর দেড়টার দিকে বনানী থানাধীন মহাখালী টিভি গেট এলাকার একটি ভবনের তৃতীয় তলায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় মামুনকে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭টার দিকে তার মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ভবনের তৃতীয় তলা থেকে চিৎকারের শব্দ শুনে বাড়ির মালিক সেখানে গিয়ে মামুনকে রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন। পরে দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসকদের পরামর্শে পরে তাকে ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।
হাসপাতালে এসে মামুনের চাচা জানান, নিহতের বাড়ি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মালিহাটি গ্রামে। তার স্ত্রী বর্তমানে সাত মাসের অন্তঃসত্ত্বা এবং গ্রামের বাড়িতেই অবস্থান করছেন। তিনি আরও জানান, চলতি মাসের ১ জুলাই মামুন বাংলাদেশ রেলওয়েতে উপ-সহকারী প্রকৌশলী হিসেবে কর্মজীবন শুরু করেছিলেন।
বনানী থানার উপপরিদর্শক (এসআই) মো. তারেক হাসান জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পাওয়ার পর ঘটনাস্থল থেকে বিউটি আক্তারকে আটক করা হয়। তার শ্বশুরবাড়িও ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায়। পুলিশের প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, মামুন ও আটক নারীর মধ্যে আগে থেকেই পরিচয় এবং ব্যক্তিগত সম্পর্ক ছিল। ঘটনার দিন তাদের মধ্যে বিরোধের একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে মামুনকে আঘাত করা হয়।
পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ নির্ধারণে তদন্ত অব্যাহত রয়েছে। আটক নারীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এ ঘটনায় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।