শুক্রবার, ০১ মে ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
জাবিতে ১৫ জুলাই কালরাত, নতুন অধ্যায়ের সূচনা
মোঃ রকিব হাসান প্রান্ত, জাবি প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ১৫ জুলাই ২০২৪ তারিখ রাতে ছাত্রলীগ ও পুলিশের হামলায় শিক্ষার্থী, শিক্ষক ও সাংবাদিকসহ বহু মানুষ আহত হওয়ার, ১৫ জুলাইকে বিশ্ববিদ্যালয়ের কালরাত হিসাবে ঘোষণা করেছে প্রশাসন।
সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৫ জুলাই ২০২৪ তারিখ রাতে ছাত্রলীগ ও পুলিশের হামলায় এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও সাংবাদিকসহ বহু মানুষ আহত হয় বিধায় ১৭ মার্চ ২০২৫ অনুষ্ঠিত সিন্ডিকেটের বিশেষ সভায় ১৫ জুলাই ২০২৪ তারিখ রাতকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ‘কালরাত’ হিসেবে ঘোষণা করেছে।
উল্লেখ্য, গত বছরের ১৫ জুলাই সন্ধ্যা সাড়ে সাতটায় পূর্ব নির্ধারিত কর্মসূচি শুরু করে বৈষম্য বিরোধী আন্দোলনের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা। এতে শিক্ষার্থীদের মশাল মিছিল কর্মসূচী ছিল। মিছিলটি তৎকালীন শেখ মুজিবুর রহমান হলের সামনে পৌঁছালে হামলা করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা—কর্মীরা। পরে শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিলে সেখানেও হামলা করে ছাত্রলীগ নেতা—কর্মীরা এবং বহিরাগত ভাড়াটে অস্ত্রধারী। পরবর্তীতে উপাচার্যের বাসভবনের ভেতরে আশ্রয় নেওয়া শিক্ষার্থী এবং সাংবাদিক সহ শিক্ষকদের উপর গুলি করে পুলিশ। এতে প্রায় ১৫ জনের উপর শিক্ষার্থী গুলিবিদ্ধ—আহত হয়।