শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
ফাইনালে চার্লস-গুরবাজের আগুনে পুড়ে ছাই রংপুর!
অনলাইন ডেস্ক
গ্লোবাল সুপার লিগ (জিএসএল) ২০২৫-এর শ্বাসরুদ্ধকর ফাইনালে গায়ানা আমাজন ওয়ারিয়র্সের বিপক্ষে ৩২ রানে হেরে স্বপ্নভঙ্গ হলো রংপুর রাইডার্সের। গতবারের চ্যাম্পিয়ন সোহানের দল এবার শিরোপা ধরে রাখতে ব্যর্থ হলো জনসন চার্লসের বিধ্বংসী ব্যাটিং আর ডোয়াইন প্রিটোরিয়াসের দুর্দান্ত বোলিং দাপটে।
ব্যাট হাতে শুরুটা ভালো না হলেও পরে একেবারে ছক্কা-পূর্ণ বিস্ফোরণ ঘটায় গায়ানা। এভিন লুইস (৫) বিদায় নিলেও জনসন চার্লস ও রহমানউল্লাহ গুরবাজ যোগ করেন আগুন।
চার্লস ৪৮ বলে ১ ছক্কা ও ১১ চারে করেন ঝলমলে ৬৭ রান। অন্যদিকে গুরবাজ ৩৮ বলে ৪ ছক্কা ও ৬ চারে খেলেন ধ্বংসাত্মক ৬৬ রানের ইনিংস, রংপুর বোলিংয়ের মেরুদণ্ড ভেঙে দেন দুজন মিলে।
ডেথ ওভারে রাদারফোর্ড (১৫ বলে ১৯*) ও শেফার্ড (৯ বলে ২৮*) যোগ করেন চরম গতি, ফলে নির্ধারিত ২০ ওভারে গায়ানার সংগ্রহ দাঁড়ায় ১৯৬/৪।
১৯৭ রানের বিশাল চ্যালেঞ্জ নিয়ে মাঠে নামা রংপুর শুরুতেই ধাক্কা খায়। ওপেনার ইব্রাহিম জাদরান (৫) দ্বিতীয় ওভারেই রানআউট হয়ে ফিরলে ব্যাটিং লাইন নড়বড়ে হয়ে পড়ে। এরপর সৌম্য সরকার (১৩) ও কাইল মেয়ার্স (৫) ব্যর্থ হয়ে প্যাভিলিয়নে ফেরেন।
মাঝের দিকে সাইফ হাসান (২৬ বলে ৪১) ও ইফতিখার আহমেদ (২৯ বলে ৪৬) কিছুটা লড়াই করলেও, তাদের বিদায়ের পর একেবারে ভেঙে পড়ে রংপুরের ইনিংস।
শেষ ৩ ওভারে প্রয়োজন পড়ে ৬৯ রান, হাতে ছিল মাত্র ২ উইকেট। মাহিদুল ইসলাম (৩০) কিছুটা চেষ্টা করলেও জয়ের বন্দরে পৌঁছাতে পারেননি। শেষমেশ ১৯.৫ ওভারে অলআউট হয়ে ১৬৪ রানেই থেমে যায় রংপুরের ইনিংস।
এই হারে শিরোপা হাতছাড়া হয় রংপুর রাইডার্সের, আর গায়ানা আমাজন ওয়ারিয়র্স নিজেদের ইতিহাসে জিএসএলের চ্যাম্পিয়ন হয়ে মাঠ ছাড়ে।