বুধবার, ২৪ জুন ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
ইরানের পার্লামেন্টের স্পিকার ও আলোচক দলের প্রধান মোহাম্মদ বাকের গালিবাফ বলেছেন, হরমুজ প্রণালির ভবিষ্যৎ ব্যবস্থাপনায় পরিবর্তন আসছে এবং এটি আর আগের অবস্থায় ফিরে যাবে না। তার ভাষ্য অনুযায়ী, আন্তর্জাতিক আইন অনুসরণ করে প্রণালিটি ইরানের ব্যবস্থাপনাতেই পরিচালিত হবে।
গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ পরিস্থিতির অবসান নিয়ে অনুষ্ঠিত আলোচনার পর তিনি এ মন্তব্য করেন। পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় বৈঠকটি অনুষ্ঠিত হয়।
গালিবাফ জানান, বৈঠকে হরমুজ প্রণালির ভবিষ্যৎ, লেবাননের চলমান পরিস্থিতি, ইরানের তেলের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং বিদেশে আটকে থাকা ইরানের সম্পদ অবমুক্তির বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তার দাবি, এসব বিষয়ে ইতিবাচক অগ্রগতি অর্জিত হয়েছে।
তিনি আরও বলেন, সামরিক সাফল্যকে দীর্ঘমেয়াদে কার্যকর করতে কূটনৈতিক উদ্যোগের বিকল্প নেই। যুদ্ধক্ষেত্রে অর্জিত সাফল্য রাজনৈতিক ও আইনগত স্বীকৃতি না পেলে তার পূর্ণ সুফল পাওয়া সম্ভব নয়।
গালিবাফের মতে, আলোচনা ও দরকষাকষিও সংগ্রামের গুরুত্বপূর্ণ অংশ। তাই সামরিক অভিযান এবং কূটনৈতিক প্রচেষ্টাকে পরস্পরবিরোধী হিসেবে দেখার সুযোগ নেই।
তিনি দাবি করেন, সুইজারল্যান্ডে অনুষ্ঠিত এই বৈঠক থেকে ইরান গুরুত্বপূর্ণ কিছু অর্জন করেছে এবং এর প্রভাব ভবিষ্যতে আঞ্চলিক রাজনীতিতেও প্রতিফলিত হতে পারে।