বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পের পর ব্যাপক প্রাণহানির আশঙ্কা প্রকাশ করেছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)। সংস্থাটির প্রাথমিক মূল্যায়নে ধারণা করা হয়েছে, মৃতের সংখ্যা ১০ হাজার থেকে ১ লাখের মধ্যে হতে পারে।
তবে এখন পর্যন্ত দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিহত বা আহতের কোনো আনুষ্ঠানিক পরিসংখ্যান প্রকাশ করেনি। এ তথ্য জানিয়েছে গণমাধ্যম।
ইউএসজিএসের তথ্য অনুযায়ী, প্রথমে ৭.১ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। এর কেন্দ্রস্থল ছিল ভেনেজুয়েলার ক্যারিবীয় উপকূলবর্তী মোরন এলাকার পশ্চিমে। মাত্র এক মিনিটের ব্যবধানে আরও শক্তিশালী ৭.৫ মাত্রার দ্বিতীয় ভূমিকম্প অনুভূত হয়।
এই ধারাবাহিক ভূমিকম্পের প্রভাবে রাজধানী কারাকাসসহ দেশের বিভিন্ন অঞ্চলে একাধিক ভবন ধসে পড়ার খবর পাওয়া গেছে। আতঙ্কে বহু মানুষ ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানের উদ্দেশ্যে খোলা এলাকায় আশ্রয় নিয়েছেন।
এরই মধ্যে ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধারকারী দল কাজ শুরু করেছে। তবে যোগাযোগ ব্যবস্থা ও অবকাঠামোর ক্ষতির কারণে প্রকৃত ক্ষয়ক্ষতি এবং হতাহতের পূর্ণাঙ্গ চিত্র এখনো স্পষ্ট হয়ে ওঠেনি।
কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। একই সঙ্গে হতাহত ও ক্ষয়ক্ষতির সঠিক তথ্য সংগ্রহ এবং সার্বিক পরিস্থিতি মূল্যায়নের কার্যক্রম অব্যাহত রয়েছে।