শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিক্ষক লাঞ্ছনা: রাজপথেই সনাতন জোটের জবাবদিহির ঘোষণা!
অনলাইন ডেস্ক
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সংস্কৃত বিভাগের সহকারী অধ্যাপক কুশল বরণ চক্রবর্তীকে লাঞ্ছনার প্রতিবাদে রাজপথে উত্তাল বিক্ষোভ করেছে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোট।
শুক্রবার (৪ জুলাই) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত এই বিক্ষোভ সমাবেশে বক্তারা কুশল বরণ চক্রবর্তীর নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।
প্রসঙ্গত, কুশল বরণ চক্রবর্তী সনাতন বিদ্যার্থী সংসদ বাংলাদেশের সাবেক সভাপতি ও সম্মিলিত সনাতনী জাগরণ জোটের সহমুখপাত্র। সমাবেশে বক্তব্য দেন জোটের মুখপাত্র ও বাংলাদেশ সনাতন পার্টির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুমন কুমার রায়। তিনি বলেন, “দেশে আইনের শাসন কার্যত লুপ্ত। এখন মবতন্ত্রের জয়জয়কার। হীরক রাজার রাজত্বের মতো আজ বাস্তবতাও মিলে যাচ্ছে। সরকারকে আর সরকার বলা চলে না।”
তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “কুশল বরণ চক্রবর্তীকে মৌলবাদীদের হাতে দিনের আলোয় লাঞ্ছিত হতে হয়েছে। একজন শিক্ষকের সঙ্গে এমন আচরণ চরম ন্যক্কারজনক। আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং দ্রুত তার পদোন্নতি ও একাডেমিক কার্যক্রমে ফিরে আসার সুযোগ নিশ্চিত করার দাবি জানাচ্ছি।”
এ সময় বাংলাদেশ হিন্দু পরিষদ কেন্দ্রীয় কমিটির মুখপাত্র সাজন কুমার মিশ্র বলেন, “ড. ইউনূস সরকার কার্যত দেশ পরিচালনায় ব্যর্থ। সাম্প্রদায়িক মৌলবাদীদের লাগাম টেনে ধরতে না পারলে দেশের ভবিষ্যৎ ভয়াবহ হয়ে উঠবে।”
তিনি আরও বলেন, “আমরা রাষ্ট্রের কাছে কুশল বরণ চক্রবর্তীর জন্য নিরাপত্তা, সম্মান ও ন্যায্যতা চাই। এর ব্যত্যয়ে আমরা দেশব্যাপী বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব।”
সমাবেশে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা, যারা গণমাধ্যমকে জানান, শিক্ষক লাঞ্ছনার এই ঘটনার মাধ্যমে রাষ্ট্রীয় নিরবতার প্রমাণ মিলেছে।