শুক্রবার, ০১ মে ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
একটি ধাক্কা, তারপর খুন! ঢাবি কাঁপানো চাঞ্চল্য!
অনলাইন ডেস্ক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মেধাবী শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার জট খুলে দিয়েছে পুলিশ। একইসঙ্গে নৃশংস এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আটজনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (২৭ মে) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ এ তথ্য জানায়।
ডিএমপি সূত্র জানিয়েছে, বহুল আলোচিত শাহরিয়ার হত্যাকাণ্ডের পেছনের রহস্য উন্মোচন করেছে গোয়েন্দা বিভাগ (ডিবি)। এই মামলায় আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার বিস্তারিত তুলে ধরতে মঙ্গলবার বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ ব্রিফিং করবেন কমিশনার শেখ মো. সাজ্জাত আলী এনডিসি।
এর আগে সাম্যের বড় ভাই এস এ এম শরীফুল আলম বাদী হয়ে রমনা থানায় হত্যা মামলা করেন। মামলায় ১০ থেকে ১২ জনকে অভিযুক্ত করা হয়। মামলার এজাহার ও প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, নিহত সাম্য, বায়েজিদ ও রাফি সোহরাওয়ার্দী উদ্যানে মোটরসাইকেলে ঘুরছিলেন। মুক্তমঞ্চ পার হয়ে কালীমন্দিরের গেট দিয়ে বের হওয়ার সময় বহিরাগত এক মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগে। এ নিয়ে কথা-কাটাকাটি শুরু হলে অপরপক্ষ আরও তিনটি বাইকে করে ১০ জনের মতো দল নিয়ে সেখানে হাজির হয়। এরপরই শুরু হয় ভয়াবহ হামলা। সাম্যকে লক্ষ্য করে একের পর এক ছুরিকাঘাত করা হয়, যার বেশিরভাগই তার পায়ে। রক্তাক্ত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলেও রাত ১২টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।