1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
ঢাকায় টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, জনজীবনে চরম ভোগান্তি - Janatar Jagoron

ঢাকায় টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, জনজীবনে চরম ভোগান্তি

  • সর্বশেষ আপডেট: রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ৫৩ বার পঠিত
ঢাকায় জলাবদ্ধতা

মৌসুমি বায়ুর সক্রিয় প্রভাবে কয়েক দিন ধরে রাজধানী ঢাকায় অব্যাহত বৃষ্টিপাত হচ্ছে। শনিবার গভীর রাত থেকে শুরু হওয়া ভারী বর্ষণ রোববারও থেমে থেমে চলতে থাকে। ভোরের দিকে টানা কয়েক ঘণ্টার প্রবল বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়, যার ফলে শিক্ষার্থী, চাকরিজীবীসহ নানা শ্রেণি-পেশার মানুষের দৈনন্দিন চলাচলে ব্যাপক দুর্ভোগ দেখা দেয়।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রোববার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত মাত্র তিন ঘণ্টায় ঢাকায় ২৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর আগের ২৪ ঘণ্টায় রাজধানীতে মোট ৯৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে। প্রতিবেদন লেখা পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত ছিল।

আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানান, রোববার সারাদিনই বৃষ্টিপাত চলতে পারে। সোমবার বিকেলের দিকে বৃষ্টির তীব্রতা কিছুটা কমার সম্ভাবনা থাকলেও পুরোপুরি থেমে যাওয়ার সম্ভাবনা কম।

সকালের দিকে গ্রিন রোড, তেজতুরী বাজার, পান্থপথ, মণিপুর, বসুন্ধরা আবাসিক এলাকা, ধানমন্ডি ২৭ ও ৩২, মোহাম্মদপুর, বিজয়নগর, কাজীপাড়া এবং মিরপুরসহ বিভিন্ন এলাকায় হাঁটু থেকে কোথাও কোথাও কোমরসমান পানি জমে থাকতে দেখা যায়।

এছাড়া শাহজাদপুর, বাড্ডা, রামপুরা ও বনশ্রী এলাকাতেও বিভিন্ন সড়কে হাঁটুপানি জমে যায়। অনেক ভবনের নিচতলায় পানি প্রবেশ করায় বাসিন্দাদের মূল সড়কে পৌঁছাতে অতিরিক্ত ভোগান্তির মুখে পড়তে হয়।

শেওড়াপাড়া থেকে তেজগাঁওয়ে কর্মস্থলে যাওয়ার পথে সোমওয়াত নাইয়ার অহনা জানান, বাসার সামনে হাঁটুসমান পানি থাকায় স্বাভাবিকভাবে বের হওয়া সম্ভব হয়নি। পর্যাপ্ত যানবাহন না থাকায় এবং সীমিত সংখ্যক যানবাহনের অতিরিক্ত ভাড়া দাবির কারণে শেষ পর্যন্ত তিনি মেট্রোরেলে করে অফিসে পৌঁছান। এতে স্বাভাবিক সময়ের তুলনায় অনেক বেশি সময় লেগেছে।

বনশ্রীর বাসিন্দা ও একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী রনিম রহমান বলেন, বাসার সামনে কোমরসমান পানি জমে যাওয়ায় অফিসে যেতে পারেননি। বের হলেও যানবাহনের অভাবে আবার বাসায় ফিরে আসতে হয়েছে।

অন্যদিকে, আগারগাঁও এলাকায় মহাখালীগামী বাসের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করেও কোনো যানবাহন পাননি নূরে রোকসানা সুমি। তিনি জানান, এক ঘণ্টার বেশি অপেক্ষার পরও গন্তব্যে যাওয়ার মতো পরিবহন না পাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন।

অবিরাম বৃষ্টির কারণে রাজধানীর কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে অনুষ্ঠিতব্য অর্ধবার্ষিক ও অন্যান্য পরীক্ষা স্থগিত হওয়ার খবর পাওয়া গেছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমি বায়ুর বর্ধিতাংশ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত প্রসারিত। বাংলাদেশের ওপর মৌসুমি বায়ু সক্রিয় রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরে এটি মাঝারি অবস্থায় বিরাজ করছে।

পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

একই সঙ্গে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিচ্ছিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। তবে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে গণমাধ্যম

এদিকে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য প্রকাশিত বিশেষ আবহাওয়া বার্তায় বলা হয়েছে, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্কসংকেত প্রদর্শনের নির্দেশনা দেওয়া হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..