শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
অনলাইন ডেস্ক ,
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ বলেছেন, বাংলাদেশের উন্নয়নের সবচেয়ে বড় অন্তরায় হলো দুর্নীতি ও সন্ত্রাস। যদি এই দুই অভিশাপকে রুখে দেওয়া যায়, তাহলে বাংলাদেশ দ্রুত উন্নয়নশীল রাষ্ট্রের কাতারে পৌঁছে যাবে।
তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের রাজনীতি ও প্রশাসনকে সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত করতে ৩১ দফার আলোকে একটি আধুনিক, ন্যায়ভিত্তিক ও নাগরিকবান্ধব বাংলাদেশ গড়ে তুলতে চান। তার মতে, সুশাসন প্রতিষ্ঠায় ৩১ দফার বিকল্প নেই।
শনিবার (৪ অক্টোবর) দুপুরে বরিশাল সিটি করপোরেশনের নগর ভবনসংলগ্ন হাজী মুহাম্মদ মহসীন মার্কেট ও আশপাশের এলাকায় রাষ্ট্রকাঠামো পুনর্গঠনের ৩১ দফা প্রচারপত্র বিতরণকালে তিনি এসব কথা বলেন।
আবু নাসের রহমাতুল্লাহ আরও বলেন, দেশের সাধারণ মানুষ ইতিমধ্যে ৩১ দফার ঘোষণা স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করেছে। তবে একটি মহল অপপ্রচার ও মিথ্যাচারের মাধ্যমে বিএনপি ও তারেক রহমানের সংস্কারমূলক চিন্তাধারাকে বিকৃতভাবে উপস্থাপন করছে। তিনি বিশ্বাস করেন, আসন্ন নির্বাচনে জনগণ ৩১ দফার পক্ষে রায় দিয়ে এই ষড়যন্ত্রের শক্তিকে পরাজিত করবে।
তিনি প্রতিশ্রুতি দেন, বরিশাল সদর-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী বিজয়ী হলে সিটি করপোরেশনকে একটি স্মার্ট ও প্রযুক্তিনির্ভর মহানগরে রূপান্তর করা হবে।
লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তারিক সুলাইমান, মহানগর যুবদল নেতা জিয়াউল ইসলাম মাসুম, স্বাধীনতা ফোরামের মহানগর সদস্য সচিব নাজমুস সাকিবসহ দলীয় নেতাকর্মীরা।