সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
৪৭তম বিসিএসে নিয়োগ বিজ্ঞপ্তি আগামী নভেম্বরের শেষ সপ্তাহে প্রকাশ হতে পারে বলে জানা গেছে। বিজ্ঞপ্তি প্রকাশের জন্য যাবতীয় প্রস্তুতি নিচ্ছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। প্রস্তুতির অংশ হিসেবে পিএসসি জনপ্রশাসন মন্ত্রণালয়কে চিঠি দিয়ে জানতে চেয়েছিল, কত শূন্যপদে নিয়োগ দেওয়া হবে।
জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পিএসসিকে বুধবার (২৩ অক্টোবর) চাহিদাপত্র পাঠানো হয়েছে। সেই চিঠিতে ৪৭তম বিসিএসে মোট তিন হাজার ৪৬০টি পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান এই তথ্যটি নিশ্চিত করেছেন।
পিএসসি জানিয়েছে, এবারের শূন্যপদের সংখ্যা বিগত ১০টি বিসিএসের মধ্যে সর্বাধিক। ৪৬তম বিসিএসে তিন হাজার ১০০টি পদের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল, যা তখনকার সর্বোচ্চ ছিল। এবার সেটিকেও ছাড়িয়ে গেছে।
অন্যদিকে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের চিঠিতে উল্লেখ করা হয়েছে, বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগসমূহের চাহিদার ভিত্তিতে তিন হাজার ৪৬০টি শূন্যপদের বিপরীতে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হোক।
বিভিন্ন বিসিএসে শূন্যপদ: ৪৬তম বিসিএসে ছিল ৩ হাজার ১০০টি, ৪৫তম বিসিএসে ২ হাজার ৩০৯টি, ৪৪তম বিসিএসে ১ হাজার ৭১০টি, ৪৩তম বিসিএসে ১ হাজার ৮১৪টি, ৪১তম বিসিএসে ২ হাজার ৫২০টি, ৪০তম বিসিএসে ১ হাজার ৯২৯টি, ৩৮তম বিসিএসে ২ হাজার ২৪টি, ৩৭তম বিসিএসে ১ হাজার ২২৬টি, ৩৬তম বিসিএসে ২ হাজার ১৮০টি, ৩৫তম বিসিএসে ১ হাজার ৮০৩টি এবং ৩৪তম বিসিএসে ২ হাজার ১৫৯টি শূন্যপদ ছিল।
তবে ৩৯তম বিশেষ বিসিএসে প্রায় পাঁচ হাজার চিকিৎসক নিয়োগ করা হলেও, সেটি সাধারণ বিসিএসের সঙ্গে তুলনা করা হয় না বলে পিএসসি সূত্র জানিয়েছে।