সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
ইসরায়েলের আগ্রাসনে আহত ও জটিল রোগে আক্রান্ত চার ফিলিস্তিনি শিশু নিরাপদে যুক্তরাষ্ট্রে পৌঁছেছে। প্রথম পর্যায়ে আরও অর্ধশতাধিক শিশু ও তাদের পরিবারকে চিকিৎসার জন্য দেশটিতে আনা হবে।
গাজার ফিলিস্তিনি শিশুদের মধ্যে চারজন যুক্তরাষ্ট্রে পৌঁছেছে। এই উপলক্ষে ইলিনয়ের শিকাগো বিমানবন্দরে শত শত মানুষ শিশুদের আগমনের অপেক্ষায় ছিলেন। শনিবার (১৬ নভেম্বর) এই চার ফিলিস্তিনি শিশু বিমানবন্দরে পৌঁছালে তাদের স্বাগত জানান বিপুল সংখ্যক মার্কিন নাগরিক।
ইমিগ্রেশন প্রক্রিয়া শেষ করে যুদ্ধ-বিধ্বস্ত শিশুরা তাদের বাবা-মায়ের সঙ্গে বিমানবন্দরের বাইরে আসে। সেই সময় বিমানবন্দর প্রাঙ্গণ স্বাধীন ও মুক্ত ফিলিস্তিনের দাবিতে স্লোগানে মুখরিত হয়ে ওঠে।
ফিলিস্তিন থেকে আসা চার শিশুকে অভ্যর্থনা জানাতে নানা বয়স ও শ্রেণি-পেশার মানুষ একত্রিত হয়। মানবিক সাহায্য সংস্থার কর্মকর্তারা জানিয়েছেন, চিকিৎসার জন্য আড়াইশ শিশুকে যুক্তরাষ্ট্রে আনার একটি তালিকা প্রস্তুত করা হয়েছে। এর মধ্যে প্রাথমিকভাবে ৩২ জনকে আনার অনুমোদন দিয়েছে মার্কিন সরকার।
হিউম্যান কনসার্ন ইউএসএ-এর সিইও মাসুম মাহবুব বলেন, এই শিশুদের জন্য যে বিশেষায়িত চিকিৎসার প্রয়োজন, তা ওই অঞ্চলে সম্ভব নয়, এজন্যই প্রক্রিয়ার মাধ্যমে তাদের যুক্তরাষ্ট্রে আনা সম্ভব হয়েছে।
এ সময় মানবাধিকারকর্মীরা ইসরায়েলকে অস্ত্র সহায়তা বন্ধ করার এবং যুদ্ধবিরতির জন্য নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্যোগী হওয়ার আহ্বান জানান।
হিউম্যান কনসার্ন ইউএসএ-এর কনসালটেন্ট মেহরীন বোখারী বলেন, গাজা থেকে চিকিৎসার জন্য এই প্রথমবার শিশুদের এখানে সফলভাবে আনা সম্ভব হয়েছে।
৫ নভেম্বরের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ট্রাম্পকে বিপুল সংখ্যক মুসলিম ভোট দিয়েছেন। তাদের আশা, ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর ফিলিস্তিনে যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি রক্ষা করবেন।