শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০২:১১ অপরাহ্ন
বাংলাদেশের ক্রিকেটের অন্যতম তারকা সাকিব আল হাসানের আন্তর্জাতিক টেস্ট ক্যারিয়ার শেষ করার পরিকল্পনা দেশে ফেরার পথে ভালোভাবে এগোচ্ছিল। কিন্তু শেষ মুহূর্তে শুরু হয় নানা নাটকীয়তার জোয়ার। দীর্ঘ আলোচনা ও সবুজ সংকেত পাওয়ার পরেও মাঝপথে থেমে যেতে হলো তাকে। দুবাই থেকে দেশে ফেরা হলো না এই অলরাউন্ডারের। মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তার শেষ টেস্ট খেলার কথা ছিল, কিন্তু আপাতত তা হচ্ছে না। কেন এমন হলো? সেই প্রশ্নের উত্তর দিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাতে এক আনুষ্ঠানিক বিবৃতিতে উপদেষ্টা জানান, বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সাকিবকে দেশে ফিরতে নিরুৎসাহিত করার পরামর্শ দেওয়া হয়েছে। এর পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে সাকিবের বিরুদ্ধে চলমান প্রতিবাদ ও জনগণের অসন্তোষের বিষয়টিও বিবৃতিতে উল্লেখ করেছেন তিনি।
আসিফ মাহমুদ বলেন, ‘সাকিব আল হাসানের মতো একজন ক্রিকেটার দেশের মাটিতে বিদায় নিক, আমিও এটি চাই। তবে সাকিবের রাজনৈতিক অবস্থান এবং সাম্প্রতিক সময়ে তার বিরুদ্ধে জনমনে ক্ষোভ সৃষ্টি হয়েছে। যদিও তিনি কিছু পদক্ষেপ গ্রহণ করেছেন এবং ফেসবুক পোস্টের মাধ্যমে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেছেন, কিন্তু বিক্ষোভগুলো দেখেই মনে হচ্ছে তা যথেষ্ট নয়। তাই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে কোনও অপ্রত্যাশিত ঘটনা এড়াতে বিসিবিকে তাকে দেশে না আসার পরামর্শ দিতে হয়েছে।’
উপদেষ্টা আরও বলেন, ‘খেলোয়াড়দের নিরাপত্তা এবং দেশের আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে সম্মান বজায় রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে অভিযোগ থাকলে আইনি প্রক্রিয়ার মাধ্যমে সেগুলোর সমাধান করা উচিত।’
এদিকে, আগামী ২১ অক্টোবর মিরপুরে প্রথম টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা। সাকিবের এই ম্যাচের মাধ্যমে টেস্ট ক্রিকেট থেকে বিদায় নেওয়ার কথা ছিল। বিসিবি তাকে নিয়ে টেস্ট স্কোয়াডও ঘোষণা করেছিল। তবে তার দেশে ফেরার প্রক্রিয়া স্থগিত হওয়ায় স্কোয়াডে পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে।
এর আগে সাকিব ‘ইএসপিএন ক্রিকইনফো’কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ‘আমি জানি না ভবিষ্যতে কী হবে, তবে এখন মনে হচ্ছে দেশে ফিরছি না।’