শুক্রবার, ০১ মে ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
৩০ কোটি টাকার সম্পত্তি আত্মসাৎ—কারা লুটলো শিক্ষার ভবিষ্যৎ?
অনলাইন ডেস্ক
দুর্নীতি আর কোটি টাকার সম্পদ বেহাতের অভিযোগে সরব হয়েছেন ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা। বুধবার (২ জুলাই) রাজধানীর গাবতলীতে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে তারা এক জোরালো সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলেন।
সংবাদ সম্মেলনে বক্তারা সরাসরি আঙুল তোলেন বিশ্ববিদ্যালয়ের বর্তমান চেয়ারম্যান আহমেদ ফরহাদ খান তানিমের দিকে। তার বিরুদ্ধে তারা আনেন দুর্নীতি, স্বেচ্ছাচারিতা, স্বজনপ্রীতি এবং অন্যায়ভাবে শিক্ষক-কর্মচারী ছাঁটাইয়ের মতো একাধিক অভিযোগ। সেই সঙ্গে ইউজিসি, শিক্ষা মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট প্রশাসনকে দ্রুত হস্তক্ষেপের আহ্বান জানান।
শিক্ষার্থীদের গুরুতর অভিযোগগুলো মধ্যে রয়েছে—শ্যামলীর ৩০ কোটি টাকার ১০ হাজার স্কয়ার ফুট ফ্লোর গোপনে বিক্রি, ভুয়া এজিএম দেখিয়ে চারজন ট্রাস্টিকে সরিয়ে নিজের লোক বসানো, পূর্ব নোটিশ ছাড়াই ৩০ জনের বেশি কর্মকর্তা-কর্মচারীকে হঠাৎ ছাঁটাই, প্রতিবাদ করায় ছাত্রদের হুমকি দেওয়া এবং মিটিং অনুমোদন না নিয়েই ভবনে জোরপূর্বক সংস্কার কাজ চালানো।
এই প্রসঙ্গে গণমাধ্যম যোগাযোগ করলে চেয়ারম্যান আহমেদ ফরহাদ খান তানিমের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়, তাই তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।