রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
পিকেকে অস্ত্র নামাল, ইতিহাসে শান্তির নতুন অধ্যায়
অনলাইন ডেস্ক
চার দশকের রক্তক্ষয়ী সশস্ত্র সংঘাতের অবসান টেনে নিজেদের ইতিহাসের এক নতুন অধ্যায় রচনার ঘোষণা দিয়েছে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে)। সোমবার এক নাটকীয় বিবৃতিতে সংগঠনটি আনুষ্ঠানিকভাবে নিজেদের বিলুপ্তির ঘোষণা দেয়। খবরটি প্রচার করে পিকেকে-ঘনিষ্ঠ ফিরাত নিউজ এজেন্সি।
বিবৃতিতে বলা হয়, “আমরা সব ধরনের সামরিক কর্মকাণ্ড স্থায়ীভাবে বন্ধ করছি। তুর্কি ও কুর্দিদের মধ্যকার সম্পর্ককে পুনঃসংজ্ঞায়িত করার এখনই উপযুক্ত সময়।”
সংগঠনটি আরও জানায়, এখন থেকে কুর্দি রাজনৈতিক দলগুলো গণতন্ত্র প্রতিষ্ঠা ও একটি সার্বভৌম গণতান্ত্রিক কুর্দি জাতি গঠনে নেতৃত্ব দেবে। পিকেকে তাদের ‘ঐতিহাসিক মিশন’ সফলভাবে সম্পন্ন করেছে।
এখনও পর্যন্ত তুর্কি সরকারের পক্ষ থেকে এই গুরুত্বপূর্ণ ঘোষণার বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি।
পিকেকের এই ঐতিহাসিক সিদ্ধান্তের মাধ্যমে তুরস্ক ও ইরাক সীমান্তবর্তী পাহাড়ি অঞ্চলে প্রায় চার দশক ধরে চলা রক্তক্ষয়ী সংঘাতের পর্দা নামল। সংঘাতটিতে প্রাণ হারিয়েছেন অন্তত ৪০ হাজার মানুষ।
উল্লেখযোগ্য যে, পিকেকে নেতা আবদুল্লাহ ওজালান ১৯৯৯ সাল থেকে তুরস্কে কারাবন্দি অবস্থায় যাবজ্জীবন সাজা ভোগ করছেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে তিনি একটি গুরুত্বপূর্ণ বার্তায় সব সশস্ত্র গ্রুপকে বিলুপ্ত করার আহ্বান জানান। সেই আহ্বানের প্রতিফলন হিসেবেই এসেছে এই বিস্ফোরক ঘোষণা। সূত্র: শাফাক নিউজ, আলজাজিরা, গণমাধ্যম