শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
জাবি প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পরিবারের নামে থাকা চারটি আবাসিক হলের নাম পরিবর্তনের লক্ষ্যে গঠিত কমিটি তাদের চূড়ান্ত সুপারিশ জমা দিয়েছে।
মঙ্গলবার (৩০ জুলাই) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের কাছে এ প্রতিবেদন হস্তান্তর করা হয়।
উপাচার্যের দপ্তরে প্রতিবেদন জমা দেওয়ার সময় কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার, শিক্ষক সমিতির সভাপতি ও কমিটির সদস্য অধ্যাপক ড. মো. সোহেল রানা, সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ড. নাসরীন সুলতানা এবং জনসংযোগ অফিসের ভারপ্রাপ্ত পরিচালক ও কমিটির সদস্য সচিব ড. মোহাম্মদ মহিউদ্দিন উপস্থিত ছিলেন।
এ বিষয়ে কমিটির অন্যতম সদস্য অধ্যাপক নাসরীন সুলতানা বলেন, “চারটি হলের সাধারণ শিক্ষার্থী, শিক্ষক সমিতি ও অন্যান্য অংশীজনদের সঙ্গে মতামত বিনিময়ের পাশাপাশি অনলাইনেও মতামত গ্রহণ করা হয়েছে। সব দিক বিবেচনা করেই আমরা নতুন নামের সুপারিশ করেছি।”
উল্লেখ্য, ঐতিহাসিক জুলাই আন্দোলনের পর শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে শেখ হাসিনা ও তাঁর পরিবারের নামে থাকা চারটি আবাসিক হলের নাম পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়। এরই অংশ হিসেবে গত ১৭ মার্চ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় অধ্যাপক মাফরুহী সাত্তারের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়।