শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
সদ্য পদত্যাগ করা সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শুক্রবার সন্ধ্যায় দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের সদস্য সচিব আখতার হোসেন এ দাবি জানান।
সংবাদ সম্মেলনে আখতার হোসেন বলেন, সাহাবুদ্দিনের পদত্যাগপত্রে অসুস্থতাকে পদত্যাগের কারণ হিসেবে উল্লেখ করা হলেও সেখানে এমন কিছু বক্তব্য সংযুক্ত করা হয়েছে, যা তার জন্য একটি ‘নিরাপদ প্রস্থান’ নিশ্চিত করার প্রচেষ্টা বলে মনে হয়। তার ভাষ্য অনুযায়ী, পদত্যাগপত্রে দেওয়া ব্যাখ্যাগুলো বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এবং সেগুলোর মাধ্যমে দায় এড়ানোর সুযোগ তৈরি করা হচ্ছে। তাই তাকে কোনোভাবেই নিরাপদে সরে যাওয়ার সুযোগ দেওয়া উচিত নয়; বরং তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলোর যথাযথ তদন্ত ও বিচার নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, সাহাবুদ্দিনকে ‘ফ্যাসিবাদের সহযোগী’ আখ্যা দিয়ে দাবি করেন, তার বিরুদ্ধে বিচারিক প্রক্রিয়া সম্পন্ন না হলে ২০২৪ সালের গণঅভ্যুত্থানে প্রাণ হারানো মানুষের ন্যায়বিচার পূর্ণতা পাবে না।
সরকারের প্রতি আহ্বান জানিয়ে আখতার হোসেন বলেন, রাষ্ট্রপতির দায়িত্বে থাকাকালে সাংবিধানিক অবস্থানের কারণে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে সীমাবদ্ধতা থাকতে পারে। তবে পদত্যাগের পর সেই দায়মুক্তির সুযোগ আর নেই। তাই এখনই আইন অনুযায়ী সাহাবুদ্দিন গ্রেপ্তার করে তাকে বিচারের মুখোমুখি করার উদ্যোগ নেওয়া উচিত বলে এনসিপি দাবি জানায়।