শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
মৌলভীবাজারের রাজনগরে মোটরসাইকেল ও পিকআপ ভ্যানের সংঘর্ষে দুই আরোহী প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
সোমবার (২ ডিসেম্বর) রাতে রাজনগর-ফেঞ্চুগঞ্জ আঞ্চলিক সড়কের মশরিয়া মাদ্রাসা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মোহাম্মদ মুবাশ্বির বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
নিহত ব্যক্তিরা হলেন রাজনগরের উত্তরভাগ ইউনিয়নের হলদিগুল গ্রামের সাকিন আহমদ (১৯) এবং সুপ্রাকান্দি গ্রামের রাফি আহমেদ (২১)। আহত হয়েছেন খলাগাঁও গ্রামের মনজু ধরের ছেলে রাজু ধর (১৮)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তিন বন্ধু মোটরসাইকেল চালিয়ে নিজ গ্রাম থেকে মৌলভীবাজারের দিকে যাচ্ছিলেন। রাজনগর-ফেঞ্চুগঞ্জ আঞ্চলিক সড়কের মশুরিয়া এলাকায় একটি পিকআপ ভ্যানের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। পুলিশ পিকআপ ভ্যান এবং মোটরসাইকেল উদ্ধার করে থানায় নিয়ে গেছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
এলাকার বাসিন্দা কামরুল ইসলাম জানান, নিহতরা এক বয়সী ছিলেন। পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। আহত রাজুকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রাজনগর থানার ওসি শাহ মোহাম্মদ মুবাশ্বির বলেন, পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে দুইজন মারা যান। পিকআপ ভ্যান চালক দুর্ঘটনার পর থেকেই পালিয়ে রয়েছেন। আমরা পিকআপ ভ্যান এবং মোটরসাইকেল উদ্ধার করেছি।