রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
মোহাম্মাদ ইমরান, বোয়ালমারী উপজেলা প্রতিনিধি
ফরিদপুরের বোয়ালমারীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন ফরিদপুর জেলা যুবদলের সহ-সম্পাদক ইমরান হুসাইন। বুধবার (১ অক্টোবর) রাত ৮টার পর থেকে তিনি বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে পৌর এলাকার বিভিন্ন পূজা মণ্ডপ ঘুরে দেখেন।
মহা নবমীর রাতে পরিদর্শনে পূজারী, ভক্ত, দর্শনার্থী ও স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে মতবিনিময় করেন ইমরান হুসাইন। এ সময় তিনি বলেন, “আপনাদের পূজা উদযাপনে যেন কোনো সমস্যা না হয়, সেই লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা মণ্ডপ পরিদর্শনে এসেছি। অতীতেও আমরা আপনাদের পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকব। সবাইকে সঙ্গে নিয়ে বোয়ালমারীকে অসাম্প্রদায়িকভাবে গড়ে তুলতে চাই।”
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বিএনপির নেতা লিয়াকত হোসেন, পৌর যুবদলের আহ্বায়ক আমিনুল ইসলাম বাবলু, যুগ্ম আহ্বায়ক মহসিন আলম চান ও জাহিদ মোল্যা, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবু কালাম, পৌর মৎস্যজীবী দলের সভাপতি কামাল বিশ্বাস ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম এবং উপজেলা জাসাস সভাপতি সৈয়দ ফিহামসহ অন্যান্য নেতাকর্মীরা।
