শনিবার, ২৭ জুন ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
অনলাইন ডেস্ক,
নারায়ণগঞ্জে ভোরের আঁধারে ঘটে গেলো এক রহস্যজনক সড়ক দুর্ঘটনা। বৃহস্পতিবার (০২ অক্টোবর) ভোরে সোনারগাঁও উপজেলার কাঁচপুর সেতুর শিমরাইল অংশে দুটি ট্রাকের চালকের বিবস্ত্র মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শিমরাইল হাইওয়ে থানার ইনচার্জ জুলহাস উদ্দিন জানান, ভোরে কাঁচপুর ব্রিজের শিমরাইল এলাকায় দুটি ট্রাক থেমে থাকতে দেখা যায়। কিছুক্ষণ পর প্রায় ১০০ গজ দূরে তাদের দুই চালকের নিথর দেহ পড়ে থাকতে দেখা যায়।
পুলিশের ধারণা, তারা একই মালিকের ট্রাক চালাতেন। পথে একটি ট্রাক হঠাৎ বিকল হয়ে গেলে অপর ট্রাক সেটিকে পেছনে বেঁধে টেনে নিচ্ছিল। ব্রিজের ডিভাইডারের ওপর উঠিয়ে নেওয়ার সময়ই ঘটে দুর্ঘটনা।
ধারণা করা হচ্ছে, হয়তো চালকেরা রাস্তা পার হচ্ছিলেন অথবা অন্য গাড়ির সহায়তা নিতে চেয়েছিলেন— ঠিক সেই মুহূর্তেই ঘটে বিপত্তি।
নিহতদের বয়স ২৪ থেকে ২৫ বছরের মধ্যে। ইতোমধ্যে একজনের পরিচয় নিশ্চিত করেছে পুলিশ—তিনি ময়মনসিংহের রহমতপুর এলাকার রাকিব। অপরজনের পরিচয় উদঘাটনে কাজ চলছে।
দুর্ঘটনার পর ট্রাক মালিকের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তিনি ঘটনাস্থলে পৌঁছানোর পথে রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।