শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
আন্দোলনের নামে চাঁদাবাজি? ‘সমন্বয়ক’ হলেই সাবধান হন!
অনলাইন ডেস্ক
‘সমন্বয়ক’ পরিচয়ে কেউ চাঁদাবাজি করলে সঙ্গে সঙ্গে পুলিশে দিতে বলেছেন এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।
রোববার (২৭ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টায় নিজের ফেসবুক স্ট্যাটাসে তিনি এ হুঁশিয়ারি দেন।
স্ট্যাটাসে সারজিস লেখেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ছাড়া দেশের সকল কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
স্ট্যাটাসের কমেন্টে তিনি আরও স্পষ্ট করে বলেন, কেন্দ্রীয় কমিটি ব্যতীত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দেশের কোনো শাখা এখন আর বৈধ নয়। কেউ যদি ‘সমন্বয়ক’ পরিচয়ে অফিস, বাসা কিংবা প্রতিষ্ঠানে গিয়ে চাঁদাবাজি, তদবির বা মামলা বাণিজ্য করতে চায়, সঙ্গে সঙ্গে পুলিশে দিন।
এর আগে, রোববার রাজধানীর শাহবাগে এক জরুরি সংবাদ সম্মেলনে জানানো হয় যে কেন্দ্রীয় কমিটি ছাড়া দেশের সকল কমিটির কার্যক্রম স্থগিত করা হয়েছে। চাঁদাবাজির ঘটনায় নেতাকর্মী গ্রেপ্তার হওয়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
গণমাধ্যমকে দেওয়া বিবৃতিতে কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাবেক সমন্বয়ক রিফাত রশিদ সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন।
তিনি বলেন, সম্প্রতি কয়েকটি ঘটনায় দেখা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাম ব্যবহার করে নানা অপকর্ম চালানো হচ্ছে। আমরা কমিটি গঠনের দিনই সতর্ক করেছিলাম—এসব সহ্য করা হবে না। তবু কিছু রাজনৈতিক শেল্টারে এসব অপকর্ম চলছে, এমনকি কিছু ‘জুলাই যোদ্ধাও’ এখন বিপথে। এই পরিস্থিতি চোখের সামনে থেকে নিয়ন্ত্রণ করা অসম্ভব হয়ে পড়েছে। তাই জরুরি অরগানোগ্রাম মিটিংয়ে উপস্থিত চারজন সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়েছে—সারা দেশে কেন্দ্রীয় কমিটি ছাড়া অন্য সব কার্যক্রম ২৭ জুলাই থেকে স্থগিত করা হলো।