শুক্রবার, ০১ মে ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
৮০০ স্বপ্নের মৃত্যু! ৪৪তম বিসিএস নিয়ে ছাত্রদের রাস্তায় ঝড়
অনলাইন ডেস্ক
শুক্রবার (৪ জুলাই) বিকেল সাড়ে ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে অনুষ্ঠিত হয় বিক্ষোভ সমাবেশ। এর আগে পরীক্ষার্থীরা এক বিশাল বিক্ষোভ মিছিল নিয়ে ঘুরে বেড়ান ক্যাম্পাসজুড়ে।
বিক্ষুব্ধ পরীক্ষার্থীদের মুখপাত্র বিন ইয়ামিন মোল্লা বলেন, “রাজনৈতিক দলগুলো নিজেদের ক্ষমতা নিয়ে ব্যস্ত, কিন্তু পিএসসির মতো স্পর্শকাতর প্রতিষ্ঠানে কাঙ্ক্ষিত সংস্কার নিয়ে কেউ কোনো কথা বলছে না।”
তিনি বলেন, “৪৪তম বিসিএস নিয়ে অন্তর্বর্তী সরকার যে আচরণ করেছে, তা রাষ্ট্রীয় পর্যায়ের প্রহসন ছাড়া আর কিছুই নয়। একই পদে দুইবার নিয়োগ দিয়ে ৮০০ জন তরুণের চাকরির স্বপ্ন চূর্ণ করেছে তারা। অথচ ৪৫তম বিসিএসে ক্যাডার রিচয়েজের সুযোগ থাকলেও ৪৪তমতে তা ছিল না। এটা কোন ন্যায্যতা?”
আরেক পরীক্ষার্থী রাশেদ কবির বলেন, “আমাদের সঙ্গে হয়েছে রাষ্ট্রীয় প্রতারণা। পদের সংখ্যা না বাড়িয়ে পুনঃনিয়োগের ফাঁদ পেতেছে পিএসসি। আমরা অবিচারের শিকার হয়েছি।”
তিনি পিএসসির কাঠামোগত সংস্কারে চার দফা দাবি তুলে ধরেন:
১. ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফলাফল পুনরায় প্রকাশ
২. নন-ক্যাডার বিধি ২৩ বাতিল ও ভাইভা উত্তীর্ণ সবার চাকরির সুযোগ
৩. প্রিলিমিনারি, লিখিত ও ভাইভার পূর্ণ নম্বর প্রকাশ
৪. বিসিএসে প্রস্তুতির জন্য যৌক্তিক সময়সীমা নির্ধারণ
তিনি আরও বলেন, “আমাদের দাবি না মানা হলে আমরা রাজপথ ছাড়ব না। আরও কঠোর আন্দোলনে যাব।”
এই প্রতিবাদে উপস্থিত ছিলেন শতাধিক পরীক্ষার্থী। ব্যানার, প্ল্যাকার্ড ও স্লোগানে তারা আওয়াজ তোলেন—“সংস্কার চাই, প্রতারণা না”।
ঘটনার বিষয়ে জানতে যোগাযোগ করলে পিএসসির কেউ মন্তব্য দিতে রাজি হননি। তবে গণমাধ্যম সূত্র বলছে, বিষয়টি গুরুত্বসহকারে পর্যবেক্ষণ করছে সংশ্লিষ্ট মহল।