শুক্রবার, ০১ মে ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
বৈষম্যহীন সমাজ গড়ার শপথে ঢাবির শতবর্ষের সুর!
অনলাইন ডেস্ক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৪তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে মঙ্গলবার (১ জুলাই) দিনভর নানা আয়োজনে মুখর ছিল ক্যাম্পাস। সকালে ভিসি চত্বর থেকে বের হয় রঙিন আনন্দ র্যালি, যেখানে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের মিলন ঘটে। র্যালির সমাপ্তি টিএসসিতে, যেখানে জাতীয় সংগীতের সুরে উদ্দীপ্ত হয় সবাই, উত্তোলন করা হয় জাতীয় পতাকা। শিক্ষার্থীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। সংগীত বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা দেশাত্মবোধক গান পরিবেশন করেন, আর বিদেশি শিক্ষার্থীরাও তাদের সুরের ঝঙ্কারে মুগ্ধ করে।
এ সময় উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান জানান, ঢাকা বিশ্ববিদ্যালয় বৈষম্যের ঊর্ধ্বে উঠে সকলকে নিয়ে এগিয়ে যেতে চায়। পাশাপাশি, জুলাই আন্দোলনের পর বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব যে বহুগুণ বেড়েছে, সেটিও স্মরণ করিয়ে দেন তিনি।
এবারের প্রতিষ্ঠাবার্ষিকীর প্রতিপাদ্য ছিল ‘বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক সমাজ বিনির্মাণে ঢাকা বিশ্ববিদ্যালয়’, যা নিয়ে সকালে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অন্যদিকে, ১০৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গণমাধ্যমকে পাঠানো বাণীতে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেন, উচ্চশিক্ষার প্রসার, জ্ঞানচর্চা ও গবেষণায় শুরু থেকেই এই বিশ্ববিদ্যালয়ের অবদান অনন্য।