শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
ইরানে গুপ্তচরবৃত্তির ছদ্মবেশে ধরা পড়ল মোসাদের আসল মুখ!
অনলাইন ডেস্ক
দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান ও বালুচিস্তান প্রদেশে রুদ্ধশ্বাস অভিযান চালিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। দেশটির দাবি, অভিযানে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে কাজ করা ৫০ জনেরও বেশি গুপ্তচর আটক করা হয়েছে। গণমাধ্যম মেহের নিউজ জানায়, এই অভিযানের সময় দুজন এজেন্ট নিহত হয়েছে।
মঙ্গলবার (১ জুলাই) আইআরজিসির কুদস ঘাঁটি এক বিবৃতিতে জানায়, ইসরায়েলপন্থী সন্ত্রাসী ও ভাড়াটে বাহিনীর বিরুদ্ধে একাধিক ধাপে চলা অভিযানে এসব ধৃত হয়। আটক হওয়াদের কাছ থেকে বিপুল অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়েছে। এসব অস্ত্রের মধ্যে যুক্তরাষ্ট্রে তৈরি আগ্নেয়াস্ত্রও রয়েছে।
আইআরজিসির দাবি, ধৃত ব্যক্তিরা ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামো ও নিরাপত্তা কেন্দ্রে হামলার ছক আঁকছিল। পুরো অভিযানটি দুই সপ্তাহের নিরবচ্ছিন্ন গোয়েন্দা পরিকল্পনায় পরিচালিত হয়।
সিস্তান ও বালুচিস্তান অঞ্চলটি পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তবর্তী হওয়ায় বহুদিন ধরে বিচ্ছিন্নতাবাদী ও জঙ্গিগোষ্ঠীর ঘাঁটি হিসেবে পরিচিত। ইরানের অভিযোগ, মোসাদ ও সিআইএ এই অঞ্চলকে ব্যবহার করে ইরানে বিশৃঙ্খলা ছড়ানোর অপচেষ্টা চালায়।
আইআরজিসি আরও জানায়, মোসাদ চক্র স্থানীয়দের অর্থ ও প্রশিক্ষণ দিয়ে সামরিক তথ্য চুরি, বিশৃঙ্খলা তৈরি ও ইরানের নিরাপত্তা দুর্বল করার কাজ করাচ্ছিল। তাদের মতে, এ অভিযান সেই বৃহৎ ষড়যন্ত্রের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে।
এ বিষয়ে ইসরায়েল এখনো কোনো মন্তব্য দেয়নি।
বিশ্লেষকদের মতে, ইরানের এই ঘোষণা কেবল অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর সক্ষমতার বার্তাই নয়, বরং আন্তর্জাতিক মহলের জন্যও কৌশলগত সতর্কবার্তা। তারা বলতে চায়—ইরানের সীমারেখা লঙ্ঘন করলেই কঠোর জবাব মিলবে।
আটকদের নাম-পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। তবে আইআরজিসি বলেছে, দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের কঠোর শাস্তির মুখোমুখি করা হবে।