রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
নওগাঁ জেলার বদলগাছী উপজেলায় মাত্র ১৩ বছর বয়সী এক কিশোরীর সন্তান প্রসবের ঘটনায় এলাকায় তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। পরিবার অভিযোগ করেছে, ওই কিশোরী একাধিকবার ধর্ষণের শিকার হয়েছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, আধাইপুর ইউনিয়নের দেলোয়ার হোসেন নামের এক যুবকের বিরুদ্ধে ওই কিশোরীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে।
ভুক্তভোগী কিশোরীর মা জানান, কয়েক দিন আগে তার মেয়ে বমি করতে শুরু করলে তাকে জয়পুরহাট সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার ডাক্তারি পরীক্ষায় জানা যায়, কিশোরী ৮ মাসের বেশি সময় ধরে গর্ভবতী। এরপর তার শারীরিক অবস্থার অবনতি হলে বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের পরামর্শে ২৪ ডিসেম্বর সিজারিয়ান অপারেশনের মাধ্যমে সে সন্তানের জন্ম দেয়।
সন্তান প্রসবের খবর ছড়িয়ে পড়ার পর অভিযুক্ত দেলোয়ার হোসেন এলাকা থেকে পালিয়ে যান।
অন্যদিকে, অভিযুক্ত দেলোয়ার হোসেনের বোন দাবি করেছেন, ধর্ষণের অভিযোগ ভিত্তিহীন হতে পারে। তবে তিনি বলেন, “যদি ডিএনএ পরীক্ষার মাধ্যমে প্রমাণিত হয় যে আমার ভাই দোষী, তাহলে আমরা আদালতের যেকোনো রায় মেনে নেব।”
এ বিষয়ে বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহাজাহান আলী বলেন, “এখনও পর্যন্ত আমাদের কাছে কোনো লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুব হাসান বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। ভুক্তভোগী পরিবার যদি আইনি সহায়তা চায়, তাহলে উপজেলা প্রশাসন থেকে সব ধরনের সহায়তা করা হবে।”
সামাজিক প্রতিক্রিয়া ও প্রশাসনিক পদক্ষেপ এ ঘটনা নিয়ে এলাকায় তীব্র আলোচনা চলছে। স্থানীয় বাসিন্দারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও অপরাধীর শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।