শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
অনলাইন ডেস্ক ,
বগুড়ার শিবগঞ্জে রীতিমতো সিনেমার মতো দৃশ্য। উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, সাবেক ভাইস চেয়ারম্যান ও একাধিক মামলার আসামি রিজ্জাকুল ইসলাম রাজুকে হাতকড়াসহ পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে। এ ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। শিবগঞ্জ থানায় দায়ের করা মামলায় নারীসহ ২১ জনকে আটক করেছে পুলিশ। সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে ২০ জনের নাম উল্লেখ করে এবং আরও ২০০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা হয়েছে।
ঘটনাটিতে থানার এসআই মামুনসহ পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। শনিবার রাত সাড়ে ৮টার দিকে পৌরসভার ১নং ওয়ার্ডের চকভোলাখাঁ গ্রামে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। রাজু ওই এলাকার বদর উদ্দিন বদরের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন অভিযানে এসআই মামুনের নেতৃত্বে একটি দল রিজ্জাকুল রাজুকে গ্রেপ্তার করে হাতকড়া পরায়। তবে তাকে থানায় নেওয়ার আগেই তার স্বজন ও স্থানীয়রা বিক্ষুব্ধ হয়ে পুলিশের ওপর হামলা চালায় এবং রাজুকে জোর করে ছিনিয়ে নেয়।
হাতকড়া পরা অবস্থায় রাজু কাদামাটি মাড়িয়ে পালানোর সময় পুলিশ ধাওয়া দিলে স্থানীয়রা ইট-পাটকেল ও কাদা ছুড়ে বাধা দেয়। এক পর্যায়ে রাজু পালাতে সক্ষম হয়। এরপর রাতভর ও দিনভর পুলিশের সাঁড়াশি অভিযানে পুরো গ্রাম পুরুষশূন্য হয়ে পড়ে।
শিবগঞ্জ থানার ওসি শাহীনুজ্জামান শাহীন বলেন, সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলা হয়েছে। এসআই মামুনসহ আহত পাঁচ পুলিশকে চিকিৎসা দেওয়া হয়েছে। রাজুকে ধরতে অভিযান চলছে, তবে নিরপরাধ কাউকে হয়রানি করা হবে না। এ রিপোর্ট লেখা পর্যন্ত এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে।