রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
প্রচণ্ড গরমে ত্বকের যেমন ক্ষতি হয়, তেমনি মেজাজও চড়ে যায় মাথায়!
অনলাইন ডেস্ক
তাই ত্বকের যত্ন না নিলে গরমে শুধু অস্বস্তিই নয়, দেখা দিতে পারে নানা সমস্যা—যেমন চুল পড়া, ব্রণ, অতিরিক্ত রোদে পোড়া ভাব, এমনকি রুক্ষ ও খসখসে ত্বক। তবে কিছু সহজ নিয়ম মেনে চললেই এই গরমেও ত্বক থাকবে সতেজ ও ঠান্ডা।
এই সময় রোমকূপ প্রসারিত হয়ে ঘাম বেশি হয়। তাই বাইরে বের হলেই চাই সুরক্ষা। প্রথমত, প্রতিদিন পর্যাপ্ত পানি পান করতে হবে। ঢিলেঢালা পোশাক পরুন এবং ছাতা, রোদচশমা, পানির বোতল, রুমাল, হ্যান্ডফ্যান ও সানস্ক্রিন যেন ব্যাগে থাকেই।
রূপবিশেষজ্ঞ আফরোজা পারভীনের মতে, সকালে ঠান্ডা পানি দিয়ে গোসল করলে সারা দিন সতেজ বোধ করা যায়। চুল শুকিয়ে বেঁধে বের হলে বাড়তি আরাম মেলে।
শুষ্ক ত্বকের যত্ন:
যাঁদের ত্বক শুষ্ক, তাঁরা অনেক সময় মনে করেন, গরমে সমস্যা হবে না। কিন্তু অতিরিক্ত এসিতে থাকা, পানি কম খাওয়া কিংবা সঠিক স্কিনকেয়ার না নেওয়ার ফলে ত্বক আরও বেশি শুষ্ক হয়ে যেতে পারে। ত্বকে যদি দানা বা চামড়া ওঠার সমস্যা দেখা দেয়, তাহলে অ্যালোভেরা জেল কিংবা ঠান্ডা গোলাপ জল ব্যবহার করুন।
তৈলাক্ত ত্বকের সমস্যায় বরফ ম্যাজিক:
তৈলাক্ত ত্বকে অতিরিক্ত তেল জমে ব্রণ বাড়ায়। সমাধান? বরফ। বড় বোলে পানি ও বরফ নিয়ে ১০ সেকেন্ড করে কয়েকবার চেহারা ডুবিয়ে রাখুন। এতে রোমকূপ ছোট হবে, ত্বক টানটান হবে এবং বলিরেখাও কমবে। দাওয়াতে যাওয়ার আগে আইস রোলার বা বরফ কাপড়ে মড়িয়ে ব্যবহার করলেই মেকআপ নিখুঁতভাবে বসবে।
ত্বক ঠান্ডা রাখতে কি খাবেন?
তরমুজ, শসা, মাল্টার মতো ফল বেশি খান। ঠান্ডা দইয়ের সঙ্গে পুদিনা, ধনে পাতা ও গোলাপজল মিশিয়ে শরবত খেলে শরীর ভেতর থেকে ঠান্ডা থাকবে। শসা গ্রেট করে মুখে লাগালেও মিলবে তাৎক্ষণিক আরাম। ঠান্ডা দইয়ের সঙ্গে হলুদের গুঁড়ার প্যাক দারুণ কাজে দেয় পোড়া দাগ আর মলিনতা দূর করতে।