সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
ভিয়েতনামের দক্ষিণাঞ্চলে একটি সামরিক প্রশিক্ষণের সময় ঘটে যাওয়া বিস্ফোরণে ১২ সেনাসদস্যের প্রাণহানি ঘটেছে। বুধবার (৪ ডিসেম্বর) রাতে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, দক্ষিণ ভিয়েতনামের ডং নাই প্রদেশে প্রশিক্ষণ কার্যক্রম চলাকালে একটি ‘সম্ভাব্য দুর্ঘটনাজনিত বিস্ফোরণে’ এই মর্মান্তিক ঘটনা ঘটে। সরকারি সূত্রে জানা যায়, ঘটনাটি ঘটেছে গত সোমবার রাতে সপ্তম সামরিক অঞ্চলের একটি শুটিং রেঞ্জে। নিহতদের অধিকাংশের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে, তবে এখনও নিখোঁজ সেনাসদস্যদের খোঁজ চালানো হচ্ছে।
প্রাথমিক তদন্তে প্রকাশিত তথ্য অনুযায়ী, সেনাদের বহন করা ডেটোনেটরগুলোতে বজ্রপাতের প্রভাবে বিস্ফোরণ ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ভিয়েতনামের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ‘এই প্রাণহানির ঘটনা সামরিক ইউনিট, নিহতদের পরিবার ও স্বজনদের জন্য অপূরণীয় ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে।’
সরকারি সংবাদমাধ্যম নান ড্যান জানিয়েছে, দুর্ঘটনাটি ঘটার একদিন আগে প্রতিরক্ষামন্ত্রী ফান ভ্যান গিয়াং যুদ্ধ মহড়া শুরুর আনুষ্ঠানিক ঘোষণায় বক্তৃতা দিয়েছিলেন।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ভিয়েতনাম নিউজ এজেন্সির তথ্যমতে, এই বিস্ফোরণ নিয়ে জরুরি তদন্তের নির্দেশ দিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়।