রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
চলমান ডেঙ্গু প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে মশা নিধন কর্মসূচির কার্যকর বাস্তবায়ন, সমন্বয় এবং নিবিড় তদারকির জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয় ১০টি বিশেষ টিম গঠন করেছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অধীনে চারটি টিম এবং উত্তর সিটি করপোরেশনে তিনটি টিম দায়িত্ব পালন করবে। নারায়ণগঞ্জ, গাজীপুর ও চট্টগ্রামসহ অন্যান্য সিটি করপোরেশন এলাকায় কার্যক্রম পরিচালনার জন্য প্রতিটি সিটির জন্য একটি করে টিম গঠন করা হয়েছে।
সোমবার (২৩ সেপ্টেম্বর) সকালে সচিবালয়ে আয়োজিত এক জরুরি সভায় ডেঙ্গু মোকাবিলার জন্য এই কমিটিগুলোর ঘোষণা আসে। এ সভায় ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনসহ সারাদেশের পরিস্থিতি নিয়ে বিশদ আলোচনা করা হয়।
ঝুঁকিপূর্ণ এলাকা যেমন সাভার, দোহার, তারাব ও রূপগঞ্জের মতো পৌরসভাগুলোর জন্যও একটি করে টিম দায়িত্ব পেয়েছে।
ডেঙ্গু প্রতিরোধে সমন্বয় এবং তথ্য সংগ্রহের জন্য সাত সদস্য বিশিষ্ট আরও একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। এসব কমিটির প্রধান করা হয়েছে স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব এবং যুগ্মসচিব পর্যায়ের কর্মকর্তাদের।
প্রতিটি টিমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা প্রতিদিন তিনটি করে ডেঙ্গু ঝুঁকিপূর্ণ এলাকা পরিদর্শন করবেন এবং ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমের অগ্রগতি মনিটরিং করবেন। প্রতিদিনের কাজের ওপর ভিত্তি করে সচিত্র প্রতিবেদন তৈরি করে স্থানীয় সরকার বিভাগের তথ্য সংগ্রহ কমিটিতে দাখিল করা হবে।
সভায় জনসচেতনতা বাড়ানো, মশার প্রজননস্থল ধ্বংস করা, পরিচ্ছন্নতা অভিযান এবং লার্ভা নিধন কার্যক্রমের কার্যকর বাস্তবায়ন বিষয়ে আলোচনা করা হয়। স্থানীয় সরকার বিভাগের সচিব আবু হেনা মোরশেদ জামানের সভাপতিত্বে সভায় অতিরিক্ত সচিব মো. নজরুল ইসলাম, এ কে এম তারিকুল আলম, ফজলুর রহমান এবং বিভিন্ন সিটি করপোরেশনের প্রশাসকরা উপস্থিত ছিলেন।