রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১০:১১ অপরাহ্ন
অভিনেত্রী শমী কায়সারকে পুলিশ গ্রেপ্তার করেছে। গতকাল মঙ্গলবার রাতে রাজধানী উত্তরা থেকে তাকে গ্রেপ্তার করা হয় উত্তরা পশ্চিম থানা পুলিশের পক্ষ থেকে।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘ছাত্র-জনতার আন্দোলন চলাকালীন সময়ে একজন আহত হওয়ার ঘটনায় উত্তরা পূর্ব থানায় শমী কায়সারের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়েছিল। ওই মামলার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।’
ছাত্র-জনতার বিপ্লবের পর ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে চলে যাওয়ার পর তার মন্ত্রিসভার সদস্য, দলের নেতা এবং বিভিন্ন পেশার অনেক মানুষ গ্রেপ্তার হচ্ছেন। সর্বশেষ শমী কায়সারকে গ্রেপ্তার করা হয়েছে।
এর আগেও গত ১৪ আগস্ট শমী কায়সার দেশের ই-কর্মাস প্ল্যাটফর্মগুলোর সংগঠন, ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) সভাপতির পদ থেকে পদত্যাগ করেছিলেন। তিনি আওয়ামী লীগের মুক্তিযুদ্ধবিষয়ক উপ-কমিটির সদস্য ছিলেন। এছাড়া ২০২৪ সালের জাতীয় নির্বাচনে ফেনী-৩ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন সংগ্রহ করেছিলেন, তবে মনোনয়ন পাননি।
শমী কায়সার ১৯৭০ সালে জন্মগ্রহণ করেন। তার বাবা শহীদুল্লাহ কায়সার এবং মা পান্না কায়সার। তার মা পান্না কায়সার একজন লেখিকা এবং সাবেক সংসদ সদস্য। সাবেক রাষ্ট্রপতি একিউএম বদরুদ্দুজা চৌধুরীর স্ত্রী মায়া পান্না কায়সারের বোন। শমী কায়সার এবং রাজনীতিক মাহি বি চৌধুরী একে অপরের খালাতো ভাই-বোন।