সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
বেক্সিমকো যে সমস্ত ব্যাংক থেকে বিপুল পরিমাণ ঋণ নিয়েছে, তা নিয়ে বড় ধরনের তদন্তের ঘোষণা দিয়েছেন নৌপরিবহন ও শ্রম মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।
আজ মঙ্গলবার বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে এক উচ্চপর্যায়ের বৈঠকে তিনি বলেন, “বেক্সিমকো এই টাকাগুলো কীভাবে পেল, কার অনুমোদনে পেল—সবকিছু খতিয়ে দেখা হবে। ফেব্রুয়ারির মধ্যে তদন্ত সম্পন্ন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। জড়িত কেউই ছাড় পাবে না!”
তিনি আরও জানান, যেসব ব্যাংক এই ঋণ দিয়েছে, তারা কীভাবে, কোন প্রক্রিয়ায় এই অর্থ বরাদ্দ করেছে, তা কঠোরভাবে পর্যালোচনা করা হবে। পাশাপাশি, বেক্সিমকোর বন্ধ থাকা কারখানাগুলোর শ্রমিকদের পাওনা (প্রায় ৬০০ কোটি টাকা) ফেব্রুয়ারির মধ্যে পরিশোধের প্রতিশ্রুতি দেন তিনি।
শ্রম উপদেষ্টার ভাষ্য, “বেক্সিমকো ফার্মা ও শাইনপুকুর তাদের বন্ধকী শেয়ার বিক্রি করে এই বিশাল পরিমাণ অর্থ পরিশোধ করবে।”
উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন, গণপূর্ত ও শিল্প উপদেষ্টাসহ উপদেষ্টা কমিটির শীর্ষ সদস্যরা।
এই তদন্তের মাধ্যমে দেশের ব্যাংকিং খাতে আলোড়ন সৃষ্টি হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এখন দেখার বিষয়, ফেব্রুয়ারির মধ্যে এই তদন্ত কতদূর গড়ায় এবং এর ফলে কারা আইনের মুখোমুখি হন!