শনিবার, ২৭ জুন ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
অনলাইন ডেস্ক ,
নরসিংদীতে সড়কে চাঁদাবাজির প্রতিবাদ করতে গিয়ে অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) আনোয়ার হোসেনের ওপর ভয়াবহ হামলার ঘটনায় প্রধান আসামি সেলিমসহ ৫ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। অজ্ঞাত আরও ৩০ জনকেও আসামি করা হয়েছে। রোববার সকালে সদর থানায় মামলাটি দায়ের করা হয়।
সূত্র জানায়, শনিবার সকাল ৯টার দিকে নরসিংদী পৌর শহরের আরশিনগরে এএসপি আনোয়ার হোসেন (সদর সার্কেল) এর নেতৃত্বে একটি দল সদর উপজেলার পুরানপাড়া এলাকায় এক নারীর মরদেহ উদ্ধারের ঘটনাস্থল পরিদর্শনে যান। ফেরার পথে আরশিনগর মোড়ে সড়কের মাঝখানে কয়েকজন ব্যক্তি যখন পরিবহন চালকদের কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায় করছিল, তখন তিনি সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে দুই চাঁদাবাজকে হাতেনাতে ধরে ফেলেন।
পরে আটক চাঁদাবাজদের ছাড়াতে ৩০-৪০ জন সন্ত্রাসী দলবদ্ধভাবে এসে এএসপি আনোয়ার হোসেনকে ভয় দেখাতে থাকে। তিনি দমে না গেলে বিনা উস্কানিতে তারা পুলিশ কর্মকর্তার ওপর হামলে পড়ে কিল, ঘুষি ও লাথি মারতে থাকে।
এ সময় তিনি মাটিতে লুটিয়ে গুরুতর আহত হন। হামলাকারীরা দুই চাঁদাবাজকে ছিনিয়ে নেয়। পরে স্থানীয়রা ও পুলিশ সদস্যরা মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর অবস্থায় তাকে ঢাকায় পাঠানো হয়।
নরসিংদী সদর হাসপাতালের আরএমও ডা. ফরিদা গুলশানা কবির জানান, এএসপি আনোয়ার হোসেনের ঘাড় ও পায়ে গুরুতর আঘাত লেগে রক্ত জমাট বেঁধেছে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাজারবাগ পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে।