শনিবার, ২৭ জুন ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
অনলাইন ডেস্ক,
সাতক্ষীরার কলারোয়ায় মর্মান্তিক এক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন জামায়াতের স্থানীয় নেতা আল মামুন গাজী। শনিবার (৪ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের কাকডাঙ্গা গ্রামে ওয়েল্ডিংয়ের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত আল মামুন গাজী কেঁড়াগাছি ইউনিয়নের বাকশা তাঁতীপাড়া গ্রামের জাহার আলী গাজীর ছেলে। তিনি একই ইউনিয়নের জামায়াতে ইসলামী সংগঠনের দায়িত্বশীল নেতা ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, পেশায় ওয়েল্ডিং মিস্ত্রি আল মামুন শনিবার কাকডাঙ্গা গ্রামের মাওলানা আব্দুল খালেকের বাড়িতে লোহার গেট বসানোর কাজ করছিলেন। কাজের সুবিধার্থে বাড়ির মূল লাইন থেকে সংযোগ নিয়ে ওয়েল্ডিং মেশিন চালু করেন তিনি। এ সময় হঠাৎ ব্যবহৃত ড্রিল মেশিনে বিদ্যুৎ ছড়িয়ে পড়লে তিনি মারাত্মকভাবে বিদ্যুৎস্পৃষ্ট হন। মুহূর্তেই ভারী গেটের অংশ তার ওপর পড়ে যায়, এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
এ ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। কেঁড়াগাছি ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা ফিরোজ আহমেদ আজাদী গভীর শোক প্রকাশ করে বলেন, “আল মামুন ছিলেন নিবেদিতপ্রাণ ও পরিশ্রমী একজন কর্মী। তার মৃত্যুতে আমরা একজন যোগ্য সংগঠককে হারালাম।”
কলারোয়া থানার ওসি মো. সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাথমিকভাবে এটি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু বলে নিশ্চিত হয়েছি।