মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
উত্তর দিক থেকে প্রবাহিত হওয়া পাহাড়ি শীতল বাতাসের সঙ্গে সঙ্গে পঞ্চগড়ে ক্রমেই কমতে শুরু করেছে তাপমাত্রার পারদ। সেই সঙ্গে গভীর রাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশায় ঢেকে যাচ্ছে জেলার চারপাশ। প্রচণ্ড ঠাণ্ডায় কাঁপতে শুরু করেছে স্থানীয় মানুষজন।
শুক্রবার (২৯ নভেম্বর) ভোর ৬টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে শীতের প্রকোপ বাড়ার সঙ্গে সঙ্গে শীতজনিত নানা রোগের প্রকোপও বেড়েছে। বিশেষ করে শিশু ও বয়স্করা সর্দি, কাশি, হাপানি ও নিউমোনিয়ার মতো রোগে বেশি আক্রান্ত হচ্ছেন। পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল এবং তেঁতুলিয়া ৫০ শয্যা হাসপাতালসহ অন্যান্য স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে রোগীদের চিকিৎসা কার্যক্রম চলছে।
পঞ্চগড় আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ জানিয়েছেন, পৌষ মাস আসার সঙ্গে শীতের তীব্রতা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। মাঘ মাসে তাপমাত্রা আরও নিচে নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। শুক্রবার ভোরে জেলার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। সময়ের সঙ্গে সঙ্গে শীত আরও তীব্র হতে পারে।