রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
দিনাজপুরের ঢাকা-রংপুর মহাসড়কে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সিনিয়র ল্যাব টেকনিশিয়ান আবদুল মান্নান প্রাণ হারিয়েছেন।
সোমবার (১৮ নভেম্বর) বিকেলের দিকে এই দুর্ঘটনা ঘটে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. শামসুজ্জোহা জানান, মান্নান বিশ্ববিদ্যালয় থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। দিনাজপুর পল্লী বিদ্যুৎ মোড়ে তার মোটরসাইকেলের সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আবদুল মান্নান বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সিনিয়র ল্যাব টেকনিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন।
প্রক্টর আরও বলেন, দুর্ঘটনার পর ট্রাকচালকের সহকারী পালিয়ে যায়। তবে স্থানীয়রা ট্রাকচালক আকাশ বাবুকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “আমরা ট্রাকটি জব্দ করেছি এবং চালককে গ্রেপ্তার করা হয়েছে। নিহতের পরিবার মামলা না করলে পুলিশ বাদী হয়ে সড়ক পরিবহন আইনে মামলা করবে। আমরা দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।”
অফিস শেষে প্রিয় বাড়িতে আর ফেরা হলো না আবদুল মান্নানের।
দুমড়েমুচড়ে যাওয়া মোটরসাইকেল দেখে এ দুর্ঘটনার ভয়াবহতা সহজেই অনুমেয়।