বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শ্রদ্ধা ঠিকই আছে, তবে বন্ধুত্ব নয়—বললেন মেসি!
অনলাইন ডেস্ক
ফুটবল ইতিহাসের দুই মহারথী লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর নাম একসঙ্গে উচ্চারিত হয় প্রায় দুই দশক ধরে। তাদের পারফরম্যান্স, ট্রফি সংগ্রহ, রেকর্ড ভাঙা এবং মাঠের লড়াই ঘিরে সমর্থকরা চিরকালই বিভক্ত। তবে মাঠের বাইরের সম্পর্ক ঠিক কেমন—তা নিয়ে ভক্তদের মধ্যে গুঞ্জন ছিল তুঙ্গে। অবশেষে সেই রহস্যের জবাব দিলেন মেসি নিজেই।
গণমাধ্যম ডি-স্পোর্টস–এ দেওয়া এক সাক্ষাৎকারে মেসি বলেন, “রোনালদোর প্রতি আমার যথেষ্ট শ্রদ্ধা আছে। তবে আমরা বন্ধু নই।”
মেসির এই মন্তব্য মূলত রোনালদোর আগের এক বক্তব্যের প্রতিক্রিয়া। কয়েক সপ্তাহ আগে রোনালদো এক সাক্ষাৎকারে বলেন, “আমার মেসির প্রতি ভালোবাসা রয়েছে। মাঠে আমরা প্রতিদ্বন্দ্বী ছিলাম ঠিকই, কিন্তু সে আমাকে সবসময় সম্মান করেছে।”
এই ‘মিউচুয়াল রেসপেক্ট’-এর কথা আবারও স্বীকার করে নিলেন মেসি, যদিও ঘনিষ্ঠতা বা ব্যক্তিগত সম্পর্কের কোনো জায়গা নেই বলেই জানালেন তিনি।
তবে মাঠের পারফরম্যান্সে এখনো আলো ছড়াচ্ছেন এই দুই কিংবদন্তি। ক্লাব বিশ্বকাপে মেসি তার ক্লাব ইন্টার মায়ামির হয়ে পোর্তোর বিপক্ষে ফ্রি-কিক থেকে জোড়া গোল করে ইতিহাস গড়েন। এটি কনকাকাফ অঞ্চলের কোনো ক্লাবের প্রথম ইউরোপিয়ান দলের বিপক্ষে জয়—ফিফার অফিসিয়াল টুর্নামেন্টে।
অন্যদিকে রোনালদো জাতীয় দলের হয়ে ইউরোপীয় ফুটবলে নিজের আধিপত্য ধরে রেখেছেন। উয়েফা নেশনস লিগের ফাইনালে স্পেনের বিপক্ষে টাইব্রেকারে জিতেছে পর্তুগাল। মূল ম্যাচে রোনালদোর গোলেই সমতা ফেরে।
তবে ক্লাব বিশ্বকাপে দেখা যায়নি রোনালদোকে। কারণ তার ক্লাব আল-নাসর এবারের প্রতিযোগিতায় জায়গা পায়নি। আর সেই সুযোগেই মেসির ইন্টার মায়ামি আলো কাড়ে ফুটবলবিশ্বে।
মেসি-রোনালদো প্রতিদ্বন্দ্বিতা এখন হয়তো অতীতের মতো উত্তাল নয়, কিন্তু তাদের নাম একসঙ্গে লেখা হবে ইতিহাসের পাতায়, যুগের পর যুগ ধরে। আর এই যুগল সম্পর্কে মেসির সাম্প্রতিক মন্তব্য যেন আরও একবার বুঝিয়ে দিল—হতে পারে বন্ধুত্ব নেই, কিন্তু পারস্পরিক শ্রদ্ধা ঠিকই আছে।