বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করতে গিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রাসহ দলের আরও কয়েকজন শীর্ষ নেতাকে আটক করেছে দিল্লি পুলিশ। এ তথ্য জানিয়েছে গণমাধ্যম।
মঙ্গলবার (২১ জুলাই) লোক কল্যাণ মার্গে অবস্থিত প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের সামনে কংগ্রেসের নেতাকর্মীরা বিক্ষোভে অংশ নেন। কর্মসূচির সময় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে তারা অবস্থান চালিয়ে যাচ্ছিলেন।
একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ অভিযান চালায়। এরপর রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রা এবং কংগ্রেসের আরও কয়েকজন গুরুত্বপূর্ণ নেতাকে হেফাজতে নেওয়া হয় বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।
এর আগে ‘ককরোচ জনতা পার্টি’র আহ্বানে সোমবার দিল্লি ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে হাজারো মানুষ সংসদের উদ্দেশ্যে মিছিল করেন। প্রশ্নপত্র ফাঁস এবং শিক্ষা ব্যবস্থার বিভিন্ন অনিয়মের প্রতিবাদে শুরু হওয়া এ আন্দোলন প্রথমে সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক ব্যঙ্গ প্রচারণা হিসেবে শুরু হলেও পরে তা বৃহৎ যুব আন্দোলনের রূপ নেয়।
আন্দোলনকারীদের দাবি, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। তাদের অভিযোগ, মে মাসে ঘটে যাওয়া প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ২০ লাখেরও বেশি শিক্ষার্থী ক্ষতির মুখে পড়েছেন এবং এর দায় সরকারের এড়ানোর সুযোগ নেই।