বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
ফরিদপুরের সদরপুর উপজেলায় বৈদ্যুতিক খুঁটি থেকে ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে মিলন মাতুব্বর নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তাকে উদ্ধারের চেষ্টা করতে গিয়ে আরও তিনজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হয়েছেন।
মঙ্গলবার (২১ জুলাই) দুপুর ২টার দিকে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের পূর্ব শৌলডুবী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মিলন মাতুব্বর (২৬) ওই গ্রামের আব্দুর রব মাতুব্বরের ছেলে। আহতরা হলেন তার ভাই মিঠু মাতুব্বর (৩০), মিঠুর স্ত্রী হেনা বেগম (২৪) এবং প্রতিবেশী ওবায়দুর শেখ (৩০)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গ্রামের প্রধান বিদ্যুৎ লাইনের একটি তার ছিঁড়ে পাশের একটি গোয়ালঘরের ওপর পড়ে যায়। সেখান থেকে কাপড় শুকানোর জন্য ব্যবহৃত ধাতব তারে বিদ্যুৎ ছড়িয়ে তিনটি বসতঘর বিদ্যুতায়িত হয়ে পড়ে। এ সময় গোসল শেষে বাড়ির উঠানে টানানো জিআই তারে ভেজা কাপড় মেলতে গেলে মিলন মাতুব্বর বিদ্যুতের সংস্পর্শে আসেন।
মিলনকে বাঁচাতে এগিয়ে গেলে তার ভাই মিঠু মাতুব্বর, ভাবি হেনা বেগম এবং প্রতিবেশী ওবায়দুর শেখও বিদ্যুৎস্পৃষ্ট হন। খবর পেয়ে স্থানীয়রা সদরপুর পল্লী বিদ্যুৎ অফিসে যোগাযোগ করলে বিদ্যুৎ সংযোগ বন্ধ করা হয়। পরে চারজনকে উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মিলন মাতুব্বরকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় সদরপুর পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী জেনারেল ম্যানেজার মো. শহিদুল ইসলামের বক্তব্য জানতে তার কার্যালয়ে গেলে সেটি বন্ধ পাওয়া যায়। পরে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল গ্রহণ করেননি বলে জানিয়েছে সব গণমাধ্যম।
সদরপুর থানার ওসি আব্দুল আল মামুন শাহ্ বলেন, ঘটনাস্থলে পুলিশ গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং মরদেহ হেফাজতে নেয়। ঘটনাটির তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।