বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
ঢাকার উত্তরার সিরাজ মার্কেট এলাকায় সাত মাসের কন্যাশিশুকে আছড়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় বাবা কবির ইসলামকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন এ আদেশ দেন।
শুনানির সময় কারাগার থেকে কবির ইসলামকে আদালতে হাজির করা হয়। আদালত তাকে মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করে পুনরায় কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা তুরাগ থানার উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান ফয়সাল আদালতে গ্রেপ্তার দেখানোর আবেদন উপস্থাপন করেন।
গত ১৫ জুলাই সন্ধ্যায় সাত মাসের রাফা মনি কবিতাকে আছড়ে হত্যার অভিযোগে ঘটনাস্থল থেকে কবির ইসলামকে আটক করা হয়। পরে উপস্থিত জনতা তাকে পুলিশের কাছে হস্তান্তর করে। পরদিন ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে তুরাগ থানা পুলিশ তাকে আদালতে হাজির করলে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পরবর্তীতে ১৬ জুলাই চিকিৎসাধীন অবস্থায় রাফা মনির মৃত্যু হয়। এ ঘটনায় গত শুক্রবার শিশুটির নানি সারমীন আক্তার তুরাগ থানায় কবির ইসলামকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। এরপর ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে পুলিশ।
মামলার নথি অনুযায়ী, দুই বছর আগে কবির ইসলামের সঙ্গে লিমা আক্তারের বিয়ে হয়। তাদের সংসারে জন্ম নেয় রাফা মনি। পেশায় রিকশাচালক কবির দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন বলে অভিযোগ রয়েছে। মাদক সেবনের পর তিনি প্রায়ই স্ত্রীকে মারধর ও গালিগালাজ করতেন। লিমার বাবা অসুস্থ থাকায় তিনি মেয়েকে নিয়ে বাবার বালুরমাঠ হারুন মোল্লার বস্তির বাসায় যান। সেদিন সন্ধ্যায় পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে তর্ক-বিতর্ক শুরু হলে ক্ষুব্ধ কবির শিশুটিকে নানির কোল থেকে ছিনিয়ে নিয়ে মাথার ওপরে তুলে রাস্তায় আছড়ে মারেন। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় পরদিন তার মৃত্যু হয় বলে জানিয়েছে।