মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
সুদের হার কমবে? নতুন মুদ্রানীতিতে চমক থাকতে পারে!
অনলাইন ডেস্ক
চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথমার্ধ (জুলাই-ডিসেম্বর) মেয়াদে নতুন মুদ্রানীতি ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক (বিবি)।
বৃহস্পতিবার (৩১ জুলাই) ঢাকায় কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে গভর্নর ড. আহসান এইচ মনসুর আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেবেন।
মঙ্গলবার (২৯ জুলাই) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
এ সময় গভর্নর জানান দেবেন—চলমান মুদ্রানীতির আওতায় মূল্যস্ফীতি দমন, বেসরকারি খাতে ঋণপ্রবাহ, ও সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে গৃহীত পদক্ষেপ ও তার অগ্রগতি সম্পর্কে।
উল্লেখ্য, এর আগে গত ১০ ফেব্রুয়ারি ২০২৪-২৫ অর্থবছরের দ্বিতীয়ার্ধের (জানুয়ারি-জুন) মুদ্রানীতি ঘোষণা করেছিলেন গভর্নর। সে সময় তিনি জানিয়েছিলেন, ২০২৪ ও ২০২৫ সাল বিনিয়োগে অনুকূল নয়। তবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে এলে ২০২৪ সালের জুনের পর ব্যাংকঋণের সুদহার কমানো হতে পারে।
গত সরকারের সময়ে দীর্ঘমেয়াদে উচ্চ মূল্যস্ফীতির কারণে অর্থনীতি চাপে পড়ে। সে সময়কার গভর্নর আব্দুর রউফ তালুকদার একাধিকবার সুদের হার বাড়ান। অন্তর্বর্তী সরকারের আমলেও সেই নীতি বহাল থাকে। কিন্তু এতে মূল্যস্ফীতিতে বড় পরিবর্তন না এলেও বিনিয়োগ কার্যত স্থবির হয়ে পড়ে। উচ্চ সুদের হারের কারণে উদ্যোক্তারা বিনিয়োগে আগ্রহ হারান। ফলে অর্থনীতিতে এক ধরনের স্থবিরতা নেমে আসে।
উচ্চ মূল্যস্ফীতি ঠেকাতে বাংলাদেশ ব্যাংক বিগত সময়জুড়ে কঠোর সংকোচনমুখী মুদ্রানীতি অনুসরণ করে আসছে। সর্বশেষ গত বছরের ২৭ অক্টোবর নীতিগত সুদহার ১০ শতাংশ নির্ধারণ করা হয়, যা এখনো বলবৎ রয়েছে। এর ফলে ব্যাংক ঋণের সুদহার ১৫ শতাংশে পৌঁছেছে। তবে এবারের মুদ্রানীতিতে সুদ, ঋণপ্রবাহ ও বিনিয়োগে গতি আনতে কিছু নীতিগত পরিবর্তনের ইঙ্গিত মিলেছে।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান গণমাধ্যমকে জানান, ডিসেম্বর পর্যন্ত কিছুটা সংকোচন নীতি বজায় থাকলেও দীর্ঘমেয়াদে বিনিয়োগবান্ধব একটি কাঠামো গঠনের পথে এগোচ্ছে কেন্দ্রীয় ব্যাংক।
এই সম্মেলনে উপস্থিত থাকবেন বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিট বিএফআইইউ প্রধান, মুখ্য অর্থনীতিবিদ এবং অন্যান্য শীর্ষ কর্মকর্তারা।