সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
হাসনাত আবদুল্লাহর হস্তক্ষেপে মগবাজার শাখা ছাড়া নবীন ফ্যাশনের অন্যান্য আউটলেট চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। খুব দ্রুতই আকর্ষণীয় অফার নিয়ে এসব শাখা কার্যক্রম চালাবে বলে জানানো হয়েছে। বুধবার (২৫ মার্চ) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য নিশ্চিত করা হয়।
ফেসবুক পোস্টে বলা হয়েছে, ‘ঈদের আগের দিন মগবাজার শাখা জোরপূর্বক বন্ধ করে দেওয়ার ঘটনায় এবারের ঈদ আনন্দ উৎসব ১৫ দিনব্যাপী চলবে-ইনশাআল্লাহ। হাসনাত আবদুল্লাহ এমপি এবং বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল সাহেবের উদ্যোগে মগবাজার শাখা ছাড়া অন্যান্য শাখা চালু রাখা হবে। পাশাপাশি আকর্ষণীয় অফার ঘোষণা করা হবে এবং নবীন ফ্যাশনের ব্যবস্থাপনা পরিচালক চায়না থেকে ফেসবুক লাইভের মাধ্যমে ঈদ উৎসবের বার্তা দেবেন-ইনশাআল্লাহ।’
এর আগে মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে রাজধানীর মগবাজারে এক সংবাদ সম্মেলনে নবীন ফ্যাশনের মালিক এনামুল হাসান নবীন দেশ ছাড়ার ঘোষণা দেন। তিনি অভিযোগ করে বলেন, আমাদের লক্ষ্য গ্রাহকদের ন্যায্যমূল্যে পণ্য সরবরাহ করা। কিন্তু যদি এ কারণে বারবার বাধার সম্মুখীন হতে হয়, তাহলে ব্যবসা চালিয়ে যাওয়া সম্ভব হবে না। তাই ব্যবসা বন্ধ করে আবার প্রবাসে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমার মনে হচ্ছে, বাংলাদেশে আর ব্যবসা করা হবে না।
পরে মঙ্গলবার রাতেই নিজের ফেসবুক আইডিতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটি ছবি পোস্ট করেন এনামুল হাসান নবীন। ছবিতে তার সঙ্গে আরও কয়েকজনকে দেখা যায়।
সেই পোস্টে তিনি লিখেন, ‘সিংহের মতো বাঁচতে চাই। কিন্তু সিন্ডিকেটের গুলিতে সন্তানদের এতিম করতে চাই না। তাই দেশ ছেড়ে চলে যাচ্ছি। পরিস্থিতি স্বাভাবিক হলে হয়তো একদিন দেশে ফিরব ইনশাআল্লাহ।’