শনিবার, ০৯ মে ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
ত্যাগ, আনুগত্য ও তাকওয়ার অনন্য শিক্ষা বহন করে পবিত্র ঈদুল আজহা। আর এই ঈদের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো কোরবানি। ইসলামে কোরবানির গুরুত্ব ও ফজিলত সম্পর্কে কোরআন-হাদিসে বিস্তর আলোচনা এসেছে।
হাদিস শরিফে বর্ণিত আছে, রাসুলুল্লাহ (সা.) হজরত ফাতেমা (রা.)-কে কোরবানির সময় উপস্থিত থাকতে বলেছিলেন। তিনি বলেন, “কোরবানির পশুর প্রথম রক্তবিন্দু মাটিতে পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তায়ালা কোরবানিদাতার গোনাহ ক্ষমা করে দেন।” তখন হজরত ফাতেমা (রা.) জানতে চান, এই ফজিলত কি শুধু আহলে বায়তের জন্য, নাকি সব মুসলিমের জন্য? উত্তরে রাসুল (সা.) বলেন, “এটি সকল মুসলিমের জন্য।” (মুসনাদে বাজযার-আত্তারগীব ওয়াত্তারহীব: ২/১৫৪)
পবিত্র কোরআনে মহান আল্লাহ তায়ালা ইরশাদ করেছেন, “অতএব তুমি তোমার প্রতিপালকের উদ্দেশে সালাত আদায় করো এবং কোরবানি করো।” (সুরা কাওসার: ২)
ইসলামী শরিয়ত অনুযায়ী, প্রাপ্তবয়স্ক ও সুস্থ মস্তিষ্কসম্পন্ন এমন মুসলিম নর-নারী, যিনি ১০ জিলহজ ফজর থেকে ১২ জিলহজ সূর্যাস্ত পর্যন্ত সময়ের মধ্যে নেসাব পরিমাণ সম্পদের মালিক থাকবেন, তার ওপর কোরবানি ওয়াজিব। (আলমুহিতুল বুরহানি: ৮/৪৫৫, ফাতাওয়া তাতারখানিয়া: ১৭/৪০৫)
তবে কোরবানির সময় অনেকেই পশুর বয়স নিয়ে দ্বিধায় পড়েন। বিশেষ করে কোন পশুর ন্যূনতম বয়স কত হতে হবে— এ বিষয়ে জানতে আগ্রহ দেখা যায়।
রাজধানীর জামিয়া ইসলামিয়া বায়তুস সালাম (মিরপুর-১২)-এর সিনিয়র মুফতি আবদুর রহমান হোসাইনী এ বিষয়ে গণমাধ্যমকে জানান, কোরবানির জন্য উটের বয়স কমপক্ষে ৫ বছর হতে হবে। গরু ও মহিষের বয়স কমপক্ষে ২ বছর এবং ছাগল, ভেড়া ও দুম্বার বয়স কমপক্ষে ১ বছর হওয়া আবশ্যক।
তিনি আরও বলেন, ভেড়া ও দুম্বা যদি পূর্ণ ১ বছর বয়সের না-ও হয়, কিন্তু দেখতে হৃষ্টপুষ্ট ও এক বছরের মতো মনে হয়, তাহলে তা দিয়েও কোরবানি করা জায়েজ হবে। তবে সেক্ষেত্রে অন্তত ৬ মাস বয়স পূর্ণ হতে হবে। কিন্তু ছাগলের বয়স এক বছরের কম হলে কোনো অবস্থাতেই তা কোরবানির জন্য বৈধ হবে না। (ফাতাওয়া কাজীখান: ৩/৩৪৮, বাদায়েউস সানায়ে: ৪/২০৫-২০৬)
এদিকে, সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি না করার ব্যাপারেও হাদিসে কঠোর সতর্কবার্তা এসেছে। হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন, “যার কোরবানি দেওয়ার সামর্থ্য আছে, তবুও সে কোরবানি করল না, সে যেন আমাদের ঈদগাহে না আসে।” (মুসনাদে আহমদ: ২/৩২১, মুস্তাদরাকে হাকেম: ৭৬৩৯, আত্তারগীব ওয়াত্তারহীব: ২/১৫৫)