সোমবার, ২৫ মে ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
সাজানো-গোছানো ঘর যদি জীবনের রুচিশীলতা প্রকাশ করে, তবে আসবাব হলো তার প্রাণ
অনলাইন ডেস্ক
ঘর গুছিয়ে রাখার টেনশন এক র্যাকেই শেষ! হ্যাঁ, ঠিকই ধরেছেন—হালকা, দামে কম, স্টাইলিশ এই প্লাস্টিক র্যাক এখন হিট সলিউশন। রান্নাঘর থেকে শোবার ঘর, অফিস থেকে বাথরুম—সব জায়গায় চলছে র্যাকের রাজত্ব। শুধু গুছিয়ে রাখাই নয়, ঘরের সাজেও যোগ হচ্ছে নতুন মাত্রা।
ঢাকার মিরপুর, প্রগতি সরণি ও আশপাশের সুপারশপ ও ক্রোকারিজের দোকানগুলোয় পাওয়া যাচ্ছে কাঠ, লোহা ও প্লাস্টিকের বাহারি র্যাক। তবে হালকা ওজন, সহজে পরিষ্কারযোগ্য আর দামে হাতের নাগালে বলে প্লাস্টিকের র্যাকই এখন সবচেয়ে জনপ্রিয়। আকিজ, বেঙ্গল, টেল, এসিআই, আরএফএল—সব বড় ব্র্যান্ড এখন দিচ্ছে নিজস্ব ডিজাইনের প্লাস্টিক র্যাক, যা ঘরের সৌন্দর্য ও ইউটিলিটিতে আনছে নতুন স্টাইল।
এই র্যাকের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট? দরকার অনুযায়ী জায়গা বদলানো যায় এক হাতে। চাইলে ভাঁজ করে সংরক্ষণও করতে পারবেন। রান্নাঘরের মশলা, বাথরুমের প্রসাধনী, অফিসের কাগজপত্র কিংবা বাচ্চার খেলনা—সবকিছুর জন্য আছে আলাদা র্যাক।
ক্রোকারিজ গ্যালারি স্টোরের বিক্রেতা মো. রায়হান বললেন, “ছোট র্যাক চাই রান্নাঘরের জন্য, বড় র্যাক দরকার যারা জামাকাপড় বা বই রাখতে চান তাদের। আবার ব্যাচেলরদের জন্য রয়েছে মাল্টিপারপাস র্যাক।”
আরএফএল হাউজওয়্যারের ব্র্যান্ড ম্যানেজার আবুল হোসাইন জানালেন, “প্লাস্টিক র্যাক এখন ঘরের নিত্য প্রয়োজনীয় জিনিসে পরিণত হয়েছে। বিশেষ করে ব্যাচেলরদের জন্য যে র্যাকগুলো এসেছে, সেখানে বই, জামাকাপড়, গ্যাজেট—সব কিছুই একসঙ্গে রাখা যায়।”
কিচেন র্যাকে শুধু মসলা নয়, বাসন পর্যন্ত সহজে রাখা যায়। টেল প্লাস্টিকের ফেমাস র্যাক, বেঙ্গল প্লাস্টিকের লিলি কিচেন র্যাক, আরএফএলের ২৪ ইঞ্চি প্রশস্ত র্যাক—সবই এখন জনপ্রিয়।
দামও যথেষ্ট সাশ্রয়ী—২৬০ টাকা থেকে শুরু করে ২৩০০ টাকা পর্যন্ত। আকিজের ফুলপ্যাক র্যাক ৪০০ টাকায়, স্ট্যাকো শেফ র্যাক ১৮৬০ টাকায়, আর টেল কুইন কিচেন র্যাক ১৮৫৫ টাকায় মিলছে।
সুতরাং, গুছিয়ে রাখুন আপনার ঘর—একটা র্যাকেই হোক অর্গানাইজড জীবন শুরু!