মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
মেসি খেলবেন না, ইন্টার মায়ামির বড় সিদ্ধান্ত ঘোষণা!
অনলাইন ডেস্ক
ইন্টার মায়ামির কোচ হাভিয়ের মাশ্চেরানো নিশ্চিত করেছেন, লিওনেল মেসি রোববার রাতের এমএলএস ম্যাচে অরল্যান্ডো সিটির বিরুদ্ধে খেলবেন না। কোচের মতে, ব্যস্ত সূচির মধ্যে এই ম্যাচে মেসিকে নামানো অযথা বড় ঝুঁকি নেওয়ার মতো নয়।
আগস্টের ২ তারিখ নেকাক্সার বিপক্ষে লিগস কাপ ম্যাচে ডান পায়ে হালকা পেশির চোট পান মেসি। সেই ম্যাচ থেকে তিনি মাঠের বাইরে রয়েছেন। ক্লাব আগেই জানিয়েছিল, তার ফেরার সময় নির্ভর করবে চিকিৎসা ও পুনর্বাসনের অগ্রগতির ওপর।
শনিবার মাশ্চেরানো বলেন, ‘না, লিও কাল মাঠে থাকবে না। সে ভালো আছে, কিন্তু এখনই অরল্যান্ডো নিয়ে যাওয়া হলে সেটা পাগলামি হবে। সামনে যা অপেক্ষা করছে, তাতে ঝুঁকি নেওয়া ঠিক হবে না। আমরা আশাবাদী, খুব শিগগির সে দলে ফিরবে।’
ইন্টার মায়ামি রোববার অরল্যান্ডো সিটির মুখোমুখি হবে, এরপর ১৬ আগস্ট এলএ গ্যালাক্সিকে আতিথ্য দেবে। তিন দিন পর লিগস কাপ কোয়ার্টার ফাইনালে মেক্সিকান ক্লাব টাইগ্রেস ইউএএনএল-এর বিরুদ্ধে খেলবে, যারা পুয়েবলাকে হারিয়েছে।
লিগস কাপে গ্রুপ পর্বে তিন ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় হয়েছে ইন্টার মায়ামি। পুমাস ও আটলাসকে হারানোর পর নেকাক্সার সঙ্গে ২-২ ড্র করে পেনাল্টিতে জয় পায় তারা, যা অতিরিক্ত পয়েন্ট এনে দেয় এবং নকআউট পর্ব নিশ্চিত করে।
আগামী সূচি মাথায় রেখে মাশ্চেরানো বলছেন—খেলোয়াড়দের সুস্থতা রক্ষা এবং প্রতিটি ম্যাচে জয়ই লক্ষ্য।
তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য সব ম্যাচ জেতা। নিয়মিত মৌসুমে প্রথম হয়ে শেষ করা দারুণ হবে। কিন্তু গত বছরও দেখেছি, হোম অ্যাডভান্টেজ সব সময় কাজে আসে না। ১২টি এমএলএস ম্যাচ বাকি, আমরা চাই সব জিততে। লিগস কাপেও তিনটি ম্যাচ খেললে সব জিততে চাই।’
মেসির ফেরার দিনক্ষণ এখনও অনিশ্চিত, তবে ইন্টার মায়ামি তাকে ছাড়াই এগোতে চাইছে—ঝুঁকি নয়, সাফল্যই লক্ষ্য।