মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
দিয়োগো জোতার জন্য লিভারপুলের ঐতিহাসিক ভালোবাসার নজির!
অনলাইন ডেস্ক
এক হৃদয়বিদারক সড়ক দুর্ঘটনায় নিহত পর্তুগিজ ফরোয়ার্ড দিয়োগো জোতার স্মৃতিকে চিরস্মরণীয় করে রাখতে এক যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে লিভারপুল ফুটবল ক্লাব। ক্লাবটি ঘোষণা দিয়েছে, জোতার পরিহিত ২০ নম্বর জার্সি আর কখনো কেউ পরবে না—এটি চিরতরে অবসর নেওয়া হয়েছে। গত সপ্তাহে একটি মর্মান্তিক দুর্ঘটনায় দিয়োগো ও তার ভাই আন্দ্রে সিলভা প্রাণ হারান, যার শোক এখনও ঘিরে রেখেছে পুরো ফুটবল বিশ্বকে।
২০২০ সালে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স থেকে লিভারপুলে যোগ দিয়ে যাত্রা শুরু করেন জোতা। শুরু থেকেই ২০ নম্বর জার্সিটিই ছিল তার গায়ে। শুধুই দক্ষ ফুটবলার হিসেবে নয়, একজন মানবিক, হৃদয়বান ব্যক্তি হিসেবেও ক্লাব ও সমর্থকদের মনে জায়গা করে নিয়েছিলেন তিনি।
লিভারপুল এক বিবৃতিতে জানিয়েছে, জোতার স্ত্রী রুটে ও পরিবারের সঙ্গে নিবিড় আলোচনা করে সিদ্ধান্তটি নেওয়া হয়েছে। শুধু পুরুষ দলেই নয়, নারী ও যুব একাডেমিসহ ক্লাবের সব পর্যায়ে ২০ নম্বর জার্সি আর ব্যবহার হবে না।
ফেনওয়ে স্পোর্টস গ্রুপের ফুটবল অপারেশনের সিইও মাইকেল এডওয়ার্ডস বলেন, ‘লিভারপুলের ইতিহাসে এই প্রথম কোনো খেলোয়াড়ের প্রতি এমন শ্রদ্ধা জানানো হলো। দিয়োগো আমাদের হৃদয়ে স্থায়ীভাবে জায়গা করে নিয়েছে। আমরা চাই, এই ২০ নম্বরটিই হয়ে থাকুক তার জীবনের ও অবদানের চিরন্তন স্মারক।’ তিনি আরও বলেন, ‘জোতা আমাদের ২০তম লিগ শিরোপার অন্যতম নায়ক ছিলেন, ২০ নম্বর জার্সির মতোই তিনি ছিলেন লিভারপুলের ২০ নম্বর বীর।’
জোতার জানাজা ও অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে ক্লাবের অসংখ্য খেলোয়াড় পর্তুগালে ছুটে যান। তাদের অনুপস্থিতির পর গত ক’দিনে ধীরে ধীরে অনুশীলনে ফিরতে শুরু করেছে দল। রোববার প্রেস্টন নর্থ এন্ডের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ দিয়ে আবারও মাঠে নামবে লিভারপুল। সেই ম্যাচে জোতাকে ঘিরে বিশেষ শ্রদ্ধা জানানো হবে বলে জানিয়েছে ক্লাব কর্তৃপক্ষ।
লিভারপুলের ভাষায়, ‘জোতার উপস্থিতি শুধু মাঠেই নয়, ড্রেসিংরুম, করিডোর, এমনকি প্রশিক্ষণ মাঠেও ছিল অনুপ্রেরণার উৎস। তার হাসি, তার আন্তরিকতা, তার ভালোবাসা—সব কিছুই আজও আমাদের মাঝে বাজছে। সে আমাদের চিরকালীন ২০ নম্বর—এখন এবং ভবিষ্যতেও।’