বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
১২ দিনে ১৩ হাজার কোটি! ফিরলো প্রবাসীদের ভালোবাসা
অনলাইন ডেস্ক
চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ের প্রথম ১২ দিনে প্রবাসী আয় এসেছে ১০৭ কোটি ১০ লাখ (১.০৭ বিলিয়ন) ডলার। যা বাংলাদেশি মুদ্রায় (এক ডলার ১২১ টাকা ধরে) ১৩ হাজার কোটি টাকারও বেশি।
রোববার (১৩ জুলাই) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্যমতে, চলতি বছরের জুলাইয়ের প্রথম ১২ দিনে দেশে এসেছে ১০৭ কোটি ১০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স। গত বছরের একই সময়ের তুলনায় এটি যথেষ্ট বেশি। ২০২৪ সালের জুলাইয়ে প্রথম ১২ দিনে এসেছিল ৯৪ কোটি ৮০ লাখ ডলার। ফলে এবার এসেছে ১২ কোটি ৩০ লাখ ডলার বেশি।
সদ্য সমাপ্ত ২০২৪-২৫ অর্থবছরের শেষ মাস জুনে প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে প্রায় ২৮১ কোটি ৮০ লাখ মার্কিন ডলার (২.৮২ বিলিয়ন) রেমিট্যান্স পাঠিয়েছেন। যা দেশীয় মুদ্রায় ৩৪ হাজার ৪০৪ কোটি টাকার বেশি। একক মাস হিসেবে এটি তৃতীয় সর্বোচ্চ রেমিট্যান্স রেকর্ড। এর আগের মে মাসে এসেছিল ২.৯৭ বিলিয়ন ডলার, যা দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। আর মার্চে এসেছিল ৩.২৯ বিলিয়ন ডলার, যা এখন পর্যন্ত সর্বোচ্চ রেকর্ড।
অন্যদিকে, সদ্য শেষ হওয়া ২০২৪-২৫ অর্থবছরের জুলাই থেকে জুন পর্যন্ত দেশে মোট ৩০.৩৩ বিলিয়ন ডলারের রেমিট্যান্স এসেছে। এটি আগের অর্থবছরের তুলনায় ২৬.৮% বেশি। ২০২৩-২৪ অর্থবছরের এই সময়কালে এসেছিল ২৩.৯১ বিলিয়ন ডলার।
২০২৪-২৫ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে এসেছে ১৯১ কোটি ৩৭ লাখ ৭০ হাজার ডলার, আগস্টে ২২২ কোটি ১৩ লাখ ২০ হাজার, সেপ্টেম্বরে ২৪০ কোটি ৪১ লাখ, অক্টোবরে ২৩৯ কোটি ৫০ লাখ, নভেম্বর মাসে ২২০ কোটি ডলার, ডিসেম্বরে এসেছে ২৬৪ কোটি ডলার, জানুয়ারিতে ২১৯ কোটি ডলার এবং ফেব্রুয়ারিতে এসেছে ২৫৩ কোটি ডলার। মার্চে এসেছে ৩২৯ কোটি ডলার, এপ্রিল মাসে এসেছে ২৭৫ কোটি ডলার, মে মাসে ২৯৭ কোটি ডলার এবং সবশেষ জুন মাসে এসেছে ২৮২ কোটি ডলার রেমিট্যান্স।