মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
অনলাইন ডেস্ক,
লিওনেল মেসি। নামের পাশে আটটি ব্যালন ডি’অর, টানা ৩৩ ক্লাব ফাইনালে গোল—যেখানেই নামেন, সেখানেই আলো ছড়ান। কিন্তু লুমেন ফিল্ডের রেকর্ড দর্শকের সামনে এবার হারিয়ে গেলেন আর্জেন্টাইন মহাতারকা। আর তার ম্লান পারফরম্যান্সেই সিয়াটল সাউন্ডার্স ঝড়ো ফুটবল খেলে ইন্টার মায়ামিকে ৩-০ গোলে উড়িয়ে নিল লিগস কাপ ট্রফি। সিয়াটলের ঘরের মাঠে হাজির হয়েছিল ৬৯ হাজার ৩শ’র বেশি দর্শক, যা লিগ ইতিহাসে এক নতুন মাইলফলক। বিস্ময়ের বিষয়, এত বিশাল দর্শকগণের বেশিরভাগই ছিলেন মেসির বিপক্ষে, সাউন্ডার্সের সমর্থনে। সেই সমর্থনকে শক্তি বানিয়ে শুরু থেকেই আগ্রাসী সিয়াটল।
প্রথমার্ধেই ওসাজে ডি রোসারিওর দুর্দান্ত হেডে এগিয়ে যায় সাউন্ডার্স। বিরতির আগেই জেসুস ফেরেইরার শট পোস্টে না লাগলে ব্যবধান আরও বাড়ত। তবে বিরতির পর নতুন উদ্যমে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিল ইন্টার মায়ামি। লুইস সুয়ারেজের পাসে গোলের সুবর্ণ সুযোগ পেয়েছিলেন মেসি; কিন্তু তার শট চলে যায় গ্যালারির দিকে। এটিই ছিল তার সবচেয়ে বড় সুযোগ—যা নষ্ট হতেই ভেঙে পড়ে পুরো দল।
৫৬ মিনিটে কোচ হাভিয়ের মাশ্চেরানো রক্ষণ ছেড়ে আক্রমণে ঝাঁপাতে চাইলেন। কিন্তু উল্টো ফাঁক পেয়ে সিয়াটল আরও হিংস্র হয়ে ওঠে। মাঠে নামতেই জর্জি মিনুংগু আদায় করেন পেনাল্টি, সহজেই সেটি জালে জড়ান অ্যালেক্স রোলডান। কিছুক্ষণ পর পাল্টা আক্রমণে পল রথরক গোল করে ম্যাচে শেষ কফিনের পেরেক ঠুকে দেন।
শেষ বাঁশি বাজার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সুয়ারেজকে দেখা যায় সিয়াটলের ভর্গাসকে হেডলকে চেপে ধরতে, যা দুই দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের মধ্যে হাতাহাতিতে রূপ নেয়। পরে অবশ্য পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। কিন্তু ততক্ষণে ইন্টার মায়ামির জন্য স্মরণীয় ফাইনাল পরিণত হয়েছে দুঃস্বপ্নে।
এই জয়ে সিয়াটল কোচ ব্রায়ান শমেটজার ইতিহাস গড়লেন—উত্তর আমেরিকার সব বড় ট্রফি জেতা প্রথম কোচ হিসেবে। তবে আলোচনার কেন্দ্রে ছিলেন মেসিই—ফাইনালে জাদু না জাগিয়ে মায়ামির স্বপ্ন শেষ করলেন লজ্জার পরাজয়ে।